স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আসামি মিন্টুও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় গ্যারেজকর্মী শিশু রাকিব (১২) হত্যা মামলার অন্যতম আসামি মিন্টু খান ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে মামলার তিন আসামির সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
গতকাল বুধবার খুলনা মহানগর হাকিম ফারুক ইকবালের আদালতে মিন্টু খান ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে রাকিবকে হত্যার বিস্তারিত বর্ণনা দেন।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের তৃতীয় দিন গতকাল মিন্টু খান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ওই জবানবন্দি দেন। তিন আসামিই অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার কার্যক্রম সামান্য কিছু বাকি আছে। এটা শেষ হলেই অভিযোগপত্র দাখিল করতে পারবে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার মামলার প্রধান আসামি শরীফ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরও আগে গত শুক্রবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার ৩ নম্বর আসামি বিউটি।
সম্প্রতি খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের এক মোটরসাইকেলের গ্যারেজে নিষ্ঠুর নির্যাতনে রাকিবকে হত্যা করা হয়। মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কাজে ব্যবহৃত কমপ্রেসর মেশিনের নল মলদ্বার দিয়ে ঢুকিয়ে বাতাস দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মোটরসের মালিক শরীফ ও তাঁর সহযোগী মিন্টুকে ক্ষুব্ধ জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে শরীফের মাসহ তিনজনকে এ-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।