পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় হিন্দু মঠের অধ্যক্ষকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আলমগীর হোসেন (৩০) নামের এক আসামি। আজ মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের জ্যেষ্ঠ বিচারক মারজিয়া খাতুনের খাস কামড়ায় তিনি এ জবানবন্দি দেন।
আদালত পরিদর্শক রবিউল ইসলাম খান বলেন, আজ দুপুর সাড়ে ১২টায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী আলমগীরকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মারজিয়া আলমগীরকে চিন্তা করার জন্য তিন ঘণ্টা সময় দেন চিন্তা করার জন্য। এ সময় আদালত আসামিকে জানান, জবানবন্দি দিলে তাঁর ফাঁসি বা যাবজ্জীবন দণ্ড হতে পারে। পরে আসামি বিকেল চারটার দিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, আলমগীর বিচারকের খাস কামড়ায় বিকেল চারটা থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিটি পর্যন্ত জবানবন্দি দিয়েছেন। তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না।
এর আগে আলমগীর হোসেনসহ তিনজনকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার পৃথক দুটি মামলায় তাঁদের ৩ জনকেই ১৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তাঁদের বিরুদ্ধে মঠের অধ্যক্ষ হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়।
আরও পড়ুন