স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন এক আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইসহাক খুনের মামলায় গ্রেপ্তার হওয়া কাজী বায়েজিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে কারাগারে পাঠানো হয় মামলার আরেক আসামি উজ্জ্বলকে। এ ছাড়া নাজিমউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে আনা হয়েছে। গত শনিবার ভোররাতে ঢাকা ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, ইমাম খুনের ঘটনায় কাজী বায়েজিদ আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, তিনি গোপালগঞ্জের গ্রামে থাকেন। ইমামকে খুনের জন্য তাঁর ভগ্নিপতি একরাম তাঁকে ঢাকায় ডেকে আনেন। ঢাকায় আসার পর তাঁকে শেওড়াপাড়ার বাসায় নেওয়া হয়। ওই বাসায় আগে থেকেই শেকল, তালা, স্কচটেপ ও চাকু রাখা ছিল। দুপুরে ইমামকে ওই বাসায় আনার পর তাঁর ভগ্নিপতি একরাম ব্যাগ থেকে শেকল ও তালা বের করেন। তিনি ইমামের হাত-পায়ে শেকল বেঁধে এতে দুটি তালা লাগিয়ে দেন। এরপর তিনি তাঁর চোখ ও কান জড়িয়ে স্কচটেপ লাগিয়ে দেন। অন্য এক যুবক ইমামের মুখে স্কচটেপ লাগান। তিনি নিজেও খুনে সহায়তা করেন। পুলিশ জানায়, বায়েজিদ খুনের কথা নিজের মুখে স্বীকার করলেও নাজিমউদ্দিন দাবি করেন, তিনি হত্যার সঙ্গে জড়িত নন। অহেতুক তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। উজ্জ্বলও দাবি করেন, তিনি এই খুনের সঙ্গে জড়িত নন। এ কারণে তাঁদের আবার জিজ্ঞাসাবাদ করা হবে। দুজনের মধ্যে নাজিমউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ বায়েজিদকেও আবার জিজ্ঞাসাবাদের আবেদন জানালে আদালত তাঁকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করতে বলেন।উল্লেখ্য, ১ জানুয়ারি শেরেবাংলা নগর থানার অধীন পশ্চিম শেওড়াপাড়ার ৫৪৯/এ শামীম সরণির রানীলয় ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে হাত-পা শেকল দিয়ে তালাবদ্ধ এবং নাক-মুখে স্কচটেপ লাগানো অবস্থায় রমনা জামে মসজিদের ইমাম মো. ইসহাকের গলিত লাশ উদ্ধার করা হয়। গত ২০ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের পর মসজিদের ইমামের ভাই মোহাম্মদ শোয়াইব বাদী হয়ে অপহরণের পর হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেন।