স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজাউল করিম হত্যা
রেজাউল করিম হত্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ নামের এক ব্যক্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পুলিশ কমিশনার বলেন, গত রোববার বগুড়া থেকে মাসকাওয়াত হাসান সাকিবকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে রাজশাহীর ২ নম্বর মহানগর হাকিম আদালতে অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাকিব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারক খালিদ হাসান জবানবন্দি রেকর্ড করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সাকিবের পরিচয় সম্পর্কে পুলিশ কমিশনার আর কিছু জানাননি।
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আরও বলেন, সাকিবের জবানবন্দির কপি এখনো তাঁদের হাতে পৌঁছায়নি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ২৩ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার সামনে অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নগরের বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় সাকিবের আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, ওই তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাঁদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। এ ছাড়া হত্যাকাণ্ডের পরপরই আরও দুজনকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়।