একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁর গাড়ির চালক হুমায়ুন কবীর মোল্লা গতকাল রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঢাকার মহানগর হাকিম এস এম আশিকুর রহমান তাঁর খাসকামরায় হুমায়ুনের জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা র্যার-৩-এর উপপরিদর্শক (এসআই) আশিক ইকবাল গতকাল আসামি হুমায়ুনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। হুমায়ুন জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তদন্তকারী কর্মকর্তা তা গ্রহণের জন্য আদালতে আবেদন করেন।
হুমায়ুন কবীর আদালতে দেওয়া জবানবন্দিতে আফতাব আহমেদকে হত্যার বর্ণনা দেন। জবানবন্দিতে তিনি বলেন, ওই বাড়িতে আফতাব আহমেদ একা থাকতেন। এই সুযোগে তাঁর টাকা-পয়সা ডাকাতির উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়। এতে ছয়জন অংশ নেন।
জবানবন্দিতে হুমায়ুন বলেন, ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ফটোসাংবাদিক আফতাবের রামপুরার বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেওয়ার কথা বলে তাঁরা ওই বাড়িতে যান। পরে তাঁরা বাসায় ঢুকে আফতাবের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন এবং টাকা লুট করেন।
এর আগে ১৫ জানুয়ারি এই মামলায় আরও দুজন জবানবন্দি দেন। ওই দুজন হলেন বেলাল হোসেন ও হাবিব হাওলাদার। এই মামলায় গতকাল পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। অপর দুজন হলেন সবুজ খান ও রাজু মুন্সি।
গত ২৫ ডিসেম্বর রাজধানীর পশ্চিম রামপুরায় নিজ বাড়ি থেকে ফটোসাংবাদিক আফতাব আহমেদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
হুমায়ুনকে ১২ জানুয়ারি সন্ধ্যায় সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন মধ্যরাতে আগারগাঁও থেকে বেলাল ও রাজুকে গ্রেপ্তার করে। একই রাতে গাজীপুর থেকে হাবীব ও সবুজকে গ্রেপ্তার করা হয়।