জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার মূল প্রশ্নপত্রের ফটোকপিসহ গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে আদালতের আদেশে গতকাল শনিবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগের মামলায় গ্রেপ্তার হওয়া ওই দুই আসামিকে গতকাল বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করেন। জয়পুরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আবদুল্লাহ আল আমিন ভূঁইয়া তাঁদের জবানবন্দি গ্রহণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত কুড়িগ্রামের উলিপুর উপজেলার গনাইগাছী গ্রামের কবিরুল ইসলাম (২৬) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের আবু কাহার (২৪) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কারা কীভাবে জড়িত এ তথ্যও দিয়েছেন।
শুক্রবার জয়পুরহাট শহরের ১২টি পরীক্ষাকেন্দ্রে বেলা তিনটা থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে শহরের একটি বাসা থেকে পুলিশ মূল প্রশ্নপত্রের ফটোকপিসহ কবিরুল ইসলাম ও আবু কাহারকে আটক করে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় পরীক্ষার মূল প্রশ্নপত্রের ৮ নম্বর সেটের ফটোকপি ও পাঁচটি মুঠোফোন ও সাদা কাগজে হাতে লেখা উত্তরপত্র। এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে আটজনকে আসামি করে একটি মামলা করা হয়।