স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন চার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ বাসায় গারো সম্প্রদায়ের দুই নারী খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনকেই বুধবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ি থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১। ছবি: সংগৃহীত
নিজ বাসায় গারো সম্প্রদায়ের দুই নারী খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনকেই বুধবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ি থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১। ছবি: সংগৃহীত

রাজধানী গুলশানে গারো নারী বেসেত চিরান (৬৫) ও তাঁর মেয়ে সুজাতা চিরানকে (৪০) খুনের মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চার আসামি। এই চারজন হলেন সুজাতার ভাগনে সঞ্জীব চিরান (২১), রাজু সাংমা ওরফে রাসেল (২৪), প্রবীণ সাংমা (১৯) ও শুভ চিসিম ওরফে শান্ত (১৮)।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মো. সালাহউদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, চাকরির খোঁজে সঞ্জীব চিরান তাঁর দুই বন্ধুকে নিয়ে ঢাকায় আসেন ১৯ মার্চ। পরদিন উত্তরায় এক বন্ধুর বাসায় থাকেন তাঁরা। সঞ্জীব টাকা নিয়ে আসেন দুই হাজার টাকা। বাস ভাড়ায় চলে যায় ৯শ টাকা। তাঁর বন্ধুরাও যে টাকা নিয়ে আসেন তা শেষ হয়ে যায়। পরে তাঁরা বাড়ি যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু তাদের কাছে বাস ভাড়ার পর্যাপ্ত টাকা ছিল না। তখন সঞ্জীব তাঁর বন্ধুদের নিয়ে গুলশানের কালা চাঁদপুরের বাসায় যান। সেদিন বিকেলে টাকা চুরি করার সময় সঞ্জীবের নানি বেসেত চিরান তা দেখে ফেলায় প্রথমে তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে খালা সুজাতাকেও ধারালো অস্ত্র দিয়ে খুন করে।

গত ২০ মার্চ গুলশানের বাসায় খুন হন বেসেত চিরান ও সুজাতা চিরান। এ ঘটনায় সুজাতার স্বামী আশিষ মানখিন বাদী হয়ে হত্যা মামলা করেন। এর পরদিন র‍্যাব অভিযান চালিয়ে সঞ্জীব চিরানসহ চার সন্দেহভাজন খুনিকে শেরপুরের নালিতাবাড়ী এলাকা গ্রেপ্তার করে।

গত শুক্রবার সঞ্জীব চিরান ও রাজু সংমা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ আদালতকে প্রতিবেদন দিয়ে জানায়, সঞ্জীব টাকা চুরি করার জন্য তাঁর বন্ধুদের নিয়ে ওই বাসায় যায়। প্রথমে নানি বেসেথ চিরানকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর খালা সুজাতাকে বালিশ চাপা দেয়। এরপর চাকু দিয়ে গলায় আঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত করে। তিন দিনের রিমান্ড শেষে আজ রোববার খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন প্রবীণ সাংমা ও শুভ চিসিম।

তদন্ত কর্মকর্তা সালাহউদ্দিন জানান, খুনের দায় স্বীকার করে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।