অটোরিকশার চালক মো. ইদ্রিচ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম কুদরতে এলাহীর আদালতে তাঁরা অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন বলে পুলিশ জানিয়েছে।
২০১৪ সালের ১২ আগস্ট পটিয়ার কোলাগাঁওটেক এলাকায় ধানখেত থেকে সিএনজিচালিত অটোরিকশার চালক মো. ইদ্রিচের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার বাজালিয়া গ্রামে। এ ঘটনায় এ বছরের ১৬ জানুয়ারি পটিয়ার কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া গ্রামের রমজান আলী ওরফে জীবন, বাঁশখালী উপজেলার কুদুকখালী গ্রামের আবদুর রহমান ও পটিয়ার দক্ষিণ শিকলবাহা গ্রামের আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পটিয়ার কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল জানান, আবদুর রহমানের নেতৃত্বে পাঁচ থেকে সাতজনের একটি দল সিএনজিচালিত অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। গত বছরের ১১ আগস্ট রাত তিনটার দিকে ওই দলের সদস্য রমজান আলীসহ পাঁচজন মিলে সাতকানিয়ার কেরানীহাট থেকে পটিয়ার মইজ্যারটেক যাওয়ার কথা বলে ইদ্রিচের অটোরিকশাটি ভাড়া করেন। কোলাগাঁওটেক এলাকায় পৌঁছার পর চালককে হত্যা করে লাশ ধানখেতে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যান তাঁরা।