স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হক ওরফে মোজাম হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনজন।
গত শনিবার সন্ধ্যায় বগুড়ার বিচারিক হাকিম শরিফুল ইসলামের আদালতে শাজাহানপুর উপজেলার সুজাবাদ পশ্চিমপাড়ার মো. জাকারিয়া (২১), একই উপজেলার খোট্রাপাড়ার আবদুল কাইয়ুম ওরফে রনি (২১) ও গাবতলী উপজেলার কদমতলী গ্রামের ইব্রাহীম হোসেন (২২) এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে তাঁরা উল্লেখ করেছেন, বাগবাড়ি তালুকদারপাড়ার বাসিন্দা রাশেদুল ইসলাম ওরফে বিপ্লবের (৪২) সঙ্গে মোজাম্মেল হকের ব্যবসায়িক বিরোধ ছিল। এর জের ধরে তাঁকে খুন করতে টাকার বিনিময়ে তাঁদের ভাড়া করেন রাশেদুল ইসলাম।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, ১৩ জুলাই ভোরে আত্মীয়ের বাসা থেকে দাওয়াত খেয়ে ব্যাটারিচালিত ভ্যানে গাবতলী উপজেলার তল্লাতলার নিজ বাড়িতে ফেরার পথে বাবনাভিটা নামক স্থানে খুন হন মোজাম্মেল হক। পরদিন মোজাম্মেল হকের স্ত্রী মালেকা বেগম গাবতলী মডেল থানায় একটি মামলা করেন। এতে তিনজন সন্দিগ্ধ ও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গত শুক্রবার বগুড়ার গোয়েন্দা পুলিশ ও গাবতলী মডেল থানা-পুলিশের আলাদা দল একাধিক স্থান থেকে ওই তিনজনসহ সাতজনকে গ্রেপ্তার করে। অন্য চারজন হলেন খুনের মূল পরিকল্পনাকারী রাশেদুল ইসলাম, শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া গ্রামের আবদুল কাফি (২২), আবদুর রহিম (২০) ও একই উপজেলার ভান্ডারপাইকা গ্রামের আল আমিন (২১)। আবদুল কাইয়ুমকে গ্রেপ্তারের সময় উদ্ধার হয় ব্যবসায়ী মোজাম্মেল হকের ব্যবহৃত মুঠোফোনটি। আটক করা হয় খুনের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা।
গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আযম খান দাবি করেন, রাশেদুল নশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।