রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী গত সোমবার গাইবান্ধার ফজলে রাব্বী হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
২০১৫ সালের ১২ জুলাই সাঘাটা উপজেলার জুমারবাড়ি ওয়াপদা বাঁধে জেএমবির সদস্য ফজলে রাব্বীকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাব্বী।
সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ফজলে রাব্বী হত্যা মামলায় জেএমবির নেতা রাজীব গান্ধীকে ২০ মার্চ সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। অন্যদিকে সোমবারই পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের পল্লি চিকিৎসক মাহবুবর রহমান হত্যা মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গোবিন্দগঞ্জের মালঞ্চা গ্রামের মৃত ওসমান মুনশির ছেলে জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী। গত ১৩ জানুয়ারি তাঁকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ। হলি আর্টিজান হামলায় জড়িত বলে অভিযুক্ত যে কয়জনকে জীবিত ধরা হয়েছে, রাজীব গান্ধী তাঁদের একজন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব গুলশান ও শোলাকিয়া হামলার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া গত বছর গোবিন্দগঞ্জ শহরের মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী তরুণ দত্ত ও মহিমাগঞ্জ বাজারের ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিক হত্যা মামলার অভিযোগপত্রেও তাঁর নাম আছে।