স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন রাজীব গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী সোমবার বিকেলে গাইবান্ধার ফজলে রাব্বী হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
২০১৫ সালের ১২ জুলাই সাঘাটা উপজেলার জুমারবাড়ি ওয়াপদা বাঁধে জেএমবির সদস্য ফজলে রাব্বীকে (৩০) মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাব্বী।
গতকাল মঙ্গলবার বিকেলে সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ফজলে রাব্বী হত্যা মামলায় জেএমবির নেতা রাজীব গান্ধীকে ২০ মার্চ সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। জেএমবি ও অঙ্গসংগঠন ছেড়ে দেওয়ার কারণেই রাব্বীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
অন্যদিকে সোমবারই পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের পল্লি চিকিৎসক মাহবুবর রহমান হত্যা মামলায় রাজীব গান্ধীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের মৃত ওসমান মুনশির ছেলে জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী। গত ১৩ জানুয়ারি তাঁকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ। হলি আর্টিজান হামলায় জড়িত বলে অভিযুক্ত যে কয়জনকে জীবিত ধরা হয়েছে, রাজীব গান্ধী তাঁদের একজন।