স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন র্যাবের তিন সদস্য
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পাঁচ সদস্যের মধ্যে তিনজন আজ শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন।
জবানবন্দি দেওয়া র্যাবের তিন সদস্য হলেন হাবিলদার মো. এমদাদুল হক, ল্যান্স নায়েক হিরা মিয়া ও সিপাহি তৈয়ব আলী।
দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আলাদাভাবে ওই তিনজন জবানবন্দি দেন। এদিকে খুনের ঘটনায় র্যাব-১১-এর কনস্টেবল শিহাবউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হাবিলদার এমদাদুল হক। এ ছাড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে ল্যান্স নায়েক হিরা মিয়া ও আরেক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে র্যাবের সিপাহি আবু তৈয়বের জবানবন্দি ধারণ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম ফজলুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘র্যাবের তিন সদস্য স্বীকারোক্তিতে বলেছেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের (র্যাবের সাবেক তিন কর্মকর্তা-লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক মোহাম্মাদ সাঈদ, মেজর (অব.) আরিফুর রহমান ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা) নির্দেশে বাধ্য হয়ে তাঁরা এই হত্যাকাণ্ডে জড়িয়েছেন। আমরা আশা করছি, এই মামলার প্রধান আসামি নূর হোসেনকে বন্দীবিনিময় চুক্তির আওতায় অচিরেই দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।’
জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, ‘মামলার তদন্তের সন্তোষজনক অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় ১৭ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে পাঁচজন স্বীকারোক্তিমূলক এবং আরও ১২ জন সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এটি একটি বড় মামলা, একটি সুন্দর তদন্তের জন্য আরও সময় প্রয়োজন। আমরা খুব দ্রুত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করব।’
সাত খুনের মামলায় ২৭ আগস্ট নতুন করে র্যাবের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের আট দিনের রিমান্ডে নেন তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল। রিমান্ডের দ্বিতীয় দিন আজ র্যাবের তিন সদস্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
এদিকে এ ঘটনায় গ্রেপ্তার র্যাবের কনস্টেবল শিহাবউদ্দিনকে আজ বেলা সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়। নিহত কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রীর