স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন শিবিরের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের একমাত্র বিরতিহীন আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের নেতা আজগর আহম্মেদ ওরফে এহসান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চট্টগ্রামের বিচারিক হাকিম মাসুদ পারভেজ গতকাল বুধবার তাঁর জবানবন্দি নথিভুক্ত করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জবানবন্দিতে আজগর ঘটনার বর্ণনা দিয়ে ছাত্রশিবিরের আরও পাঁচজনের নাম জানিয়েছেন। এঁদের মধ্যে মহসীন কলেজ শাখা ছাত্রশিবিরের নেতা হাসান নাশকতার পরিকল্পনা করেন।

ঘটনার সময় ছাত্রশিবিরের ওই পাঁচজন নগরের ছোটপুল থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় ওঠেন। শিবিরের নেতা মবিনের কাছে ছিল পেট্রলের বোতল। তাঁরা কদমতলী ক্রসিংয়ের কাছে নেমে সুবর্ণ এক্সপ্রেসের চারটি কোচে পেট্রল ঢেলে আগুন দেন। গত মঙ্গলবার ভোরে চট্টগ্রাম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় কদমতলী ক্রসিংয়ের কাছে পেট্রল ঢেলে সুবর্ণ এক্সপ্রেসের চারটি কোচে আগুন দেওয়া হয়। এতে আগুনের তাপে আরও একটি কোচ ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ দুই কোটি চার লাখ ৮৭ হাজার টাকা।

পূর্বাঞ্চল রেলওয়ের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আজগরের কাছ থেকে তথ্য পেয়ে আমরা বাকি পাঁচজনের বাসা ও মেসে অভিযান চালিয়েছি। কিন্তু সবাই গা ঢাকা দিয়েছেন।’

এদিকে, রেলে নাশকতার ঘটনায় মঙ্গলবার আজগরসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়। অপর ছয়জন হলেন মো. মিঠু মিয়া, এ কে এম ওয়াহেদুজ্জামান, মো. শাহীন উল ইসলাম, ইলিয়াস হোসেন, মো. মাসুম বিল্লাহ ও শিফাতুল গনি চৌধুরী।

এই ছয়জনকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। চট্টগ্রামের বিচারিক হাকিম আদালত গতকাল তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।