স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সুমন হেমব্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আদিবাসী পল্লিতে চার খুনের ঘটনায় মামলার আসামি সুমন হেমব্রম গতকাল রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাঁকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঁচবিবির আদিবাসী পল্লি ভীমপুরে একই পরিবারের চারজনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় গত শনিবার ভোরে। এ ঘটনায় পাঁচবিবি থানা-পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পরিবারের ঘরজামাই সুমন হেমব্রমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন হেমব্রমকে গতকাল জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম খায়রুল ইসলামের কাছে চার খুনের ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে স্বেচ্ছায় জবানবন্দি দেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদ হোসেন। তিনি জানান, বিয়ের পর থেকে স্ত্রী সিলভিয়ার আচরণ এবং জামাই হিসেবে ওই পরিবারে মর্যাদা না পাওয়ায় পরিবারের লোকজনের প্রতি আসামি সুমন ক্ষুব্ধ ছিলেন। এই আক্রোশেই তিনি হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।
সুমনের শ্বশুর ম্যানিয়েল মারান্ডি চার খুনের ঘটনায় পাঁচবিবি থানায় শনিবার বিকেলে মামলা করেন। ওই মামলায় সুমনকে একমাত্র আসামি করা হয়।
ম্যানিয়েল মারান্ডি জানান, গুরুতর আহত তাঁর মেয়ে (সুমনের স্ত্রী) সিলভিয়া মারান্ডি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি চিকিৎসকের বরাত দিয়ে বলেন, সিলভিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ। আর নিহত তাঁর স্ত্রী সন্ধ্যা রানী, কলেজপড়ুয়া ছোট মেয়ে তেরেজা মারান্ডি ও নাতি সানি হেমব্রমকে শনিবার সন্ধ্যার দিকে কবর দেওয়া হয়। নিহত অপরজন ভগ্নিপতি মারকেল মারান্ডিকে গতকাল কবর দেওয়া হয়।