স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তানভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ গতকাল বুধবার দুর্নীতির আরও একটি মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।এ ছাড়া গতকাল তানভীরের ভায়রা ও গ্রুপের মহাব্যবস্থাপক (কমার্শিয়াল) তুষার আহমেদ পৃথক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালত সূত্র জানায়, গতকাল রিমান্ড শেষে তানভীরের স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে আদালতে আনা হয়। তবে পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের কাছে তাঁকে হস্তান্তর না করে দুদকের আনা গাড়িতেই রাখা হয়। পরে তানভীর, তুষার ও জেসমিন ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে, দুদক গতকাল আদালতের অনুমতি নিয়ে এ কে এম আজিজুর রহমানকে পৃথক একটি মামলায় আট দিন রিমান্ডে নিয়েছে। দুদকসংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, তানভীর মাহমুদ দুদকের জিজ্ঞাসাবাদে হল-মার্কের নামে অর্থ কেলেঙ্কারির কথা স্বীকার করেন। তানভীর তাঁর জবানবন্দিতে বলেন, সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সঙ্গে তাঁর পরিচয় হয়। জবানবন্দিতে হল-মার্কের অর্থ কেলেঙ্কারি জন্য এ কে এম আজিজুর রহমানকে মূল হোতা হিসেবে উল্লেখ করেন তানভীর মাহমুদ। তিনি স্বীকার করেন, বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় অবৈধ উপায়ে ঋণ নিয়েছিলেন। হল-মার্কের কেলেঙ্কারির ঘটনায় গত ৪ অক্টোবর রমনা মডেল থানায় ১১টি মামলা করে দুদক। এর আগে একটি মামলায় তানভীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।