বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন রাসেল মাতুব্বর গতকাল শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের বিচারক ১৬৪ ধারায় তাঁর বক্তব্য রেকর্ড করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল বেলা দুইটায় বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. জাহিদুল কবীরের আদালতে রাসেল মাতুব্বর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ওই জবানবন্দি দেন। বরিশাল নগর পুলিশ জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী সাওদা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন রাসেল মাতুব্বরকে বেলা দুইটায় মুখ্য বিচারিক হাকিমের আদালতে নেওয়া হয়। সেখানে প্রায় তিন ঘণ্টা ধরে রাসেল হত্যার বিভিন্ন কারণ উল্লেখ করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
বরিশাল নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৫ সেপ্টেম্বর রাসেল ধারালো অস্ত্র দিয়ে সাওদাকে কুপিয়ে জখম করেন। এর পর থেকে তিনি পলাতক। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার দুপুরে তাঁকে বরিশালে আনা হয়। পরে রাসেলকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং হত্যায় ব্যবহার করা ধারালো অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। শনিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়। জবানবন্দিতে রাসেল হত্যার পূর্বাপর ঘটনার বর্ণনা দেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত ছিল না বলে জানান তিনি। ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সাওদাকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেল এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। ওই দিন বিকেল পাঁচটায় সেখানে সাওদার মৃত্যু হয়।