রাজধানীর রামপুরার বনশ্রীতে গৃহবধূ আজিমুননাহার হত্যা মামলায় গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর স্বামী সেলিম রেজা। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, আজিমুননাহার হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেলিম রেজাকে সকালে রামপুরা থানা থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। দুপুরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত জবানবন্দি লিপিবদ্ধ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজিমুননাহার গত রোববার সকালে রামপুরার বনশ্রীর নিজ বাড়িতে স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে খুন হন। পুলিশ রক্তমাখা ছুরিসহ সেলিম রেজাকে আটক করে। রোববার রাতে গৃহবধূর ভাই খলিলুর রহমান বাদী হয়ে সেলিম রেজাকে আসামি করে হত্যা মামলা করেন। ওসি জানান, সেলিম জবানবন্দিতে বলেছেন, বিয়ের পর স্ত্রী আজিমুনকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে তাঁদের দুই ছেলের জন্ম হয়। তাঁরা সবাই ওই দেশের নাগরিকত্ব পান। ১৯৯৯ সালে তিনি সপরিবারে দেশে ফেরেন। এরপর রামপুরার বনশ্রীতে স্ত্রীর নামে তিন কাঠা জমি কিনে ছয়তলা বাড়ি নির্মাণ করেন। বাড়িভাড়ার টাকা আজিমুন খরচ করলেও তাঁকে কোনো টাকা দেওয়া হতো না। তিনি অসুস্থ হলেও ঠিকমতো চিকিৎসা করানো হতো না। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া লেগে থাকত। পরিবারে অশান্তি চরমে পৌঁছে। রোববার সকালে ঝগড়ার একপর্যায়ে আজিমুন রান্নাঘর থেকে ছুরি এনে তাঁর (সেলিম) ওপর হামলা চালাতে উদ্যত হন। এ সময় তিনি ছুরি কেড়ে নিয়ে স্ত্রীর পেটে বসিয়ে দিলে তাঁর মৃত্যু হয়।