প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবলীগের নেতা রিয়াজুল হক খানকে (মিল্কি) হত্যার পরিকল্পনা আগে থেকে জানতেন বলে তাঁর সহযোগী মারুফ রেজা সাগরের স্ত্রী ফাহিমা ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর খাসকামরায় ফাহিমা ইসলামের জবানবন্দি লিপিবদ্ধ করেন। এরপর আদালত ফাহিমাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফাহিমা জবাবন্দিতে বলেছেন, সরকারি উন্নয়ন কাজের দরপত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজির টাকা ভাগ ও যুবলীগের কমিটি গঠন নিয়ে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহিদ সিদ্দিকী তারেকের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ফাহিমাকে গতকাল দুপুর ১২টার দিকে র্যাব আদালতে হাজির করে জবানবন্দি নেওয়ার আবেদন করে। এর আগে গত শনিবার ফাহিমাকে গ্রেপ্তার করে র্যাব।