স্বীকারোক্তির পর ছেলেকে জেলে পাঠানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেওড়াপাড়ায় মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া হাবিব মোগল গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত সোমবার বিকেলে মা রোখসানা মোগলকে ইটের আঘাতে খুন করে হাবিব মোগল (২৮) থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে জানান, গতকাল হাবিবকে আদালতে পাঠানো হয়। সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।হাবিবের বাবা আইনজীবী আতাহার মোগল বলেছেন, তাঁর ছেলে ‘আবেগজনিত’ একটি মানসিক রোগে ভুগছেন।গত সোমবার সন্ধ্যায় পুলিশ ১৩৫ নম্বর পশ্চিম শেওড়াপাড়ার বাসা থেকে রোখসানার লাশ উদ্ধার করে। গতকাল ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।গত সোমবার রাতে মিরপুর থানায় গিয়ে দেখা যায়, বাবা আতাহার সোফায় বসে অঝোরে কাঁদছেন আর বিলাপ করছেন। তিনি ছেলের ওষুধের সময় হয়ে গেছে বলে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য পুলিশকে মিনতিও করছিলেন। স্বজনেরা জানিয়েছেন, দুই মেয়েকে সামলানো এবং ছেলে হাবিবের চিন্তায় তাঁর অবস্থা খারাপ। থানা-মর্গ-আদালতে দৌড়ঝাঁপে একরকম বিধ্বস্ত তিনি।থানায় হাবিবের বাবা আতাহার মোগল এই প্রতিবেদককে বলেন, হাবিব যখন অষ্টম শ্রেণীর ছাত্র, তখন তাঁর একটি আবেগজনিত মানসিক রোগ (বাইপোলার মুড ডিজঅর্ডার) ধরা পড়ে। তখন থেকেই তাঁর চিকিৎসা চলছে। তিনি মাঝেমধ্যে খুব রেগে যেতেন। গত ছয় মাস ধরে হাবিব খুব আক্রমণাত্মক হয়ে ওঠেন। দেড় মাস আগে তিনি তাঁর বাবার গলা টিপে ধরেন এবং মাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন। হাবিবকে এরপর মোহাম্মদপুরের একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সপ্তাহ খানেক আগে তাঁকে বাসায় নিয়ে আসা হয়েছিল।ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গত বছর এলএলবি পাস করেছিলেন হাবিব। এর আগে তিনি তেজগাঁও কলেজ থেকে ডিগ্রি পাস করেন।