স্বীকৃত বিলের সব তথ্য যাচাই করবে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক কেলেঙ্কারির জের ধরে বাংলাদেশ ব্যাংক সব অভ্যন্তরীণ ও বৈদেশিক মুদ্রায় প্রস্তুত করা স্বীকৃত বিল যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক নজরদারি ও তদারকি সংশ্লিষ্ট বিভাগগুলো গতকাল সোমবার স্বীকৃত বিলের অনিয়ম ঠেকাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম, এস এম মনিরুজ্জামান, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীসহ অফসাইট সুপারভিশন, ব্যাংকিং প্রবিধি ও নীতি, ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস, ব্যাংক পরিদর্শন বিভাগ ১, ২ ও ৩ এর মহাব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।সূত্র জানায়, বৈঠকে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল যখন যে শাখা পরিদর্শন করবে, সেই শাখার সব বিলের তথ্য ভালোভাবে যাচাই করবে। এ ছাড়া, এখন থেকে ব্যাংকগুলো বৈদেশিক ও অভ্যন্তরীণভাবে ক্রয় করা এবং স্বীকৃত সব বিলের তথ্য ত্রৈমাসিকের পরিবর্তে মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে জমা দেবে। সেখানে কোনো ব্যাংক কোনো বিলের তথ্য গোপন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই নির্দেশনা আকারে ব্যাংকগুলোকে এসব তথ্য জানাবে কেন্দ্রীয় ব্যাংক।