স্বীকৃতি চান প্রতিরোধযোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ সাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদ করে লড়াইয়ে নামেন ৩৭৫ জন যুবক। ২২ মাস পর প্রতিরোধযোদ্ধারা ফিরে আসেন। কিন্তু দারিদ্র্যের সঙ্গে তাঁদের লড়াই এখনো শেষ হয়নি। শেষ বয়সে তাঁরা সরকারের কাছে স্বীকৃতির দাবি জানিয়েছেন।

উপজেলা প্রতিরোধযোদ্ধা পরিষদের সদস্যরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার সীমান্তবর্তী চৌকিদারটিলায় একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এখানে বিভিন্ন এলাকার ৩৭৫ জন যুবক বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে এক মাস প্রশিক্ষণ নেন। পরে সংগঠনের সদস্যরা কুড়িগ্রামের রৌমারী থেকে সুনামগঞ্জ পর্যন্ত সীমান্ত এলাকায় নানা কর্মকাণ্ড চালান। বিডিআর ও পুলিশ সদস্যের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। তাঁদের অনেকে আটক হন। তাঁদের মধ্যে আজগর আলী, শফিকুল ইসলাম, জিনাত আলী, গৌরাঙ্গ পাল ১০ বছর কারাগারে কাটান। বাকি সদস্যরা নানা নির্যাতন সয়ে ২২ মাস পর ফিরে আসেন।

২১০ জন প্রতিরোধযোদ্ধা এখনো বেঁচে আছেন। তাঁদের বেশির ভাগ এখন অভাব-অনটনে দিন কাটান। ভিটাবাড়ি না থাকায় অনেকেই অন্যের বাড়িতে থাকেন। প্রতিরোধযোদ্ধা আজগর আলী (৬১) বলেন, ‘ঢাকায় নৈশপ্রহরীর কাম করি। নিজের কোনো বাড়িঘর নাই। বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হাতে অস্ত্র নিছিলাম। তখন অস্ত্রসহ আমরা তিনজন পুলিশের কাছে ধরা পড়ি। অমানুষিক নির্যাতনের পর সামরিক আদালতে ২২ বছরের জেল হয়। ১০ বছর জেল খাটার পর ১৯৮৪ সালে শেখ হাসিনার সহযোগিতায় মুক্তি পাই। অহন যদি আমগরে জাতীয়ভাবে একটা স্বীকৃতি দেওয়া হইত, তাইলে প্রতিরোধযোদ্ধারা শান্তি নিয়া মরতে পারত।’

দিগেন দাস (৭৪) বলেন, ‘অহন আগের মতো শরীলে শক্তি পাই না। পৌর শহরের নৈশপ্রহরীর কাজ করি। যে টেহা পাই সংসার চলে না। তবে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে পাইরা সব সময় গর্ব করি।’

১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরোধযোদ্ধাদের ২০ হাজার ও শহীদ পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেন। এ ছাড়া গত বছর উপজেলার ৪১ জন প্রতিরোধযোদ্ধাকে ৫০ হাজার করে টাকা দেওয়া হয়। উপজেলা প্রতিরোধযোদ্ধা পরিষদের সভাপতি ফজলুল হক বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীরা নানাভাবে অবহেলিত। তাঁদের তিনজন শয্যাশায়ী। টাকার অভাবে চিকিৎসা হয় না। অনেকের কাজ করার সামর্থ্যও নেই। জাতীয়ভাবে স্বীকৃতি পেলে তাঁরা প্রতি মাসে ভাতা পাবেন। এ টাকায় তাঁরা খেয়ে-পরে বাঁচতে পারতেন।