স্বীকৃতি না থাকলে নারীর অবস্থার পরিবর্তন হবে না

সন্তান লালনপালন থেকে শুরু করে নারী ঘরে যে কাজ করে, তার মূল্যায়ন ও স্বীকৃতি না থাকলে নারীর অবস্থা ও অবস্থানের কোনো পরিবর্তন হবে না। নারীর প্রতি সহিংসতাও দূর করা সম্ভব হবে না। তাই নারীর কাজের স্বীকৃতি দিতে হবে।
‘নারীর মজুরিবিহীন শ্রমের মূল্যায়ন ও স্বীকৃতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। আজ রোববার কারওয়ান বাজারে ‘প্রথম আলো’ কার্যালয়ে ‘প্রথম আলো’র আয়োজনে এবং মর্যাদায় গড়ি সমতা প্রচারাভিযান, মানুষের জন্য ফাউন্ডেশন এবং বিজ্ঞাপনী সংস্থা মাত্রার সহযোগিতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বৈঠকে মানুষের জন্য ফাউন্ডেশন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তৈরি করা এক গবেষণার তথ্য উল্লেখ করে বলা হয়, নারীর যে কাজ তা মোট দেশজ আয় বা জিডিপিতে যোগ হয় না। ২০১৩-২০১৪ অর্থবছরে এই কাজের আনুমানিক বার্ষিক মূল্য জিডিপির প্রায় ৭৬.৮ শতাংশের সমান ছিল।
বৈঠকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, নারীর গৃহশ্রমের মূল্যায়ন করলে টাকার অঙ্কে জিডিপির মাত্রা বাড়বে। তবে জিডিপি বাড়ুক না বাড়ুক, নারীর অবদানের স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
পরিকল্পনা কমিশনের সদস্য (জ্যেষ্ঠ সচিব) শামসুল আলম বলেন, নারীর কাজের মূল্যায়ন ও স্বীকৃতির যে দাবি তাতে দ্বিমত করার কিছু নেই। তবে নারীর অর্থনৈতিক পরিবর্তনের পাশাপাশি মনমানসিকতার পরিবর্তনও জরুরি। নারী-পুরুষের বৈষম্য বেশি দিন টিকে থাকতে পারবে না। তাই নারীকে আগে ঘর থেকে বাইরে আসতে হবে। প্রয়োজনে উত্তরাধিকার আইন করতে হবে।
সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, শ্রম বাজারে নারীর অংশগ্রহণ কমছে। ২০১০ সালের ৩৬ শতাংশ থেকে ২০১৩ সালে তা ৩৩ শতাংশে নেমে এসেছে। বর্তমানে প্রায় আড়াই কোটি নারী শ্রমিককে শ্রম বাজারে আনতে হলে ঘরের যে মজুরিবিহীন কাজ আছে তাতে পুরুষের অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি বলেন, তাঁদের গবেষণায় দেখা গেছে, ৭২ শতাংশ নারীই জানিয়েছেন ঘরের কাজে সময় চলে যায় বলে তাঁরা খণ্ডকালীন কাজ খোঁজেন।
গোলটেবিলে মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী বনশ্রী মিত্র নিয়োগী, বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি ফওজিয়া মোসলেম, আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের (বিআইজিডি) প্রধান গবেষক সিমিন মাহমুদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক জ্যেষ্ঠ গবেষক প্রতিমা পাল মজুমদার, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, একশন এইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সায়মা হক, মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন আলোচনায় অংশ নেন।