স্বীকৃতি না পাওয়ার দুঃখ মুক্তিযোদ্ধা জহর লালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা জহর লাল পাল চৌধুরী
মুক্তিযোদ্ধা জহর লাল পাল চৌধুরী

‘দেশকে ভালোবেসে জীবন বাজি রেখে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। কিন্তু যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি তাদের ভালো থাকতে দেখলে অপমান বোধ করি। একজন পাঞ্জাবি সৈন্য আটক রেখে কেউ রাষ্ট্রীয় স্বীকৃতি বা বীর প্রতীক খেতাব পান। অথচ ৩৬ জন পাকসেনা ও রাজাকার মেরে এবং সহায়-সম্পদ হারিয়েও আমাদের কোনো স্বীকৃতি বা সরকারি সহায়তা মেলে না, এর চাইতে দুঃখ আর কী হতে পারে!’

ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মুক্তিযোদ্ধা জহর লাল পাল চৌধুরী (৬৬)।
মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অপারেশনের স্মৃতি তুলে ধরে জহর লাল জানান, একাত্তরের ১১ ডিসেম্বরের শেষ বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চুনতি পাহাড়ে পুলিশ ফাঁড়ির কাছে তাঁরা কয়েকজন মুক্তিযোদ্ধা অ্যামবুশ নেন। আজিজনগর থেকে চট্টগ্রামমুখী পাকিস্তানি সেনা বোঝাই একটি হলুদ রঙের পিকআপ দেখে তাঁর সহযোদ্ধারা উত্তেজিত হয়ে পড়েন। আইয়ুব বাঙালি, শফি, কানন পাল, নুরুল আমিন এবং বেঙ্গল রেজিমেন্টের ইসমাইল, রাজা মিয়া পাকিস্তানি বাহিনীর ওপর গুলি ছোড়ার প্রস্তুতি নেন।

এমন সময় জহর লাল হঠাৎ ওই পিকআপের সামনে দাঁড়িয়ে অস্ত্র তাক করে পিকআপটি থামান। পাকিস্তানি সেনাদের নেতৃত্বে ছিলেন এক ক্যাপ্টেন। এ রকম একটা পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিল না। তারা ভেবেছিল জহর লালও পাকিস্তানি সেনা বা রাজাকার সদস্য। পাকিস্তানিরা নিজের লোক হয়ে এমন আচরণ কেন করছেন জানতে চাইলে জহর লাল তাদের অস্ত্র ফেলে দিয়ে কথা বলতে বলেন।
এরপর পাকিস্তানি সেনারা অস্ত্র মাটিতে রেখে হাত তুলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই জহর লাল ও তাঁর সঙ্গীরা অস্ত্রগুলো নিয়ন্ত্রণে নেন। মুহূর্তেই আশপাশের লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ওদের রশি দিয়ে বেঁধে পাহাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

এ ছাড়া, জহর লালের দল ১০ ডিসেম্বর ১২ জন রাজাকারকে ধরে পুটিবিলা স্কুলের পুকুরে নিয়ে হত্যা করে। লামা থানা আক্রমণ ও অস্ত্র লুট, আমিরাবাদ টেলিফোন একচেঞ্জ দখল এবং সাতকানিয়া থানা আক্রমণেও অংশ নেন জহর লাল।
জহর লাল মুক্তিযুদ্ধের শুরুতে আমিরাবাদের কেউজিপাড়ায় প্রশিক্ষণ নেন। এপ্রিলের মাঝামাঝিতে পাকিস্তানি সেনারা কালুরঘাট সেতু দখল করে কক্সবাজারের দিকে অগ্রসর হলে অনেকের সঙ্গে তিনিও মিয়ানমারে আশ্রয় নেন। পরে অন্য সহযোদ্ধাদের সঙ্গে দেশে ফিরে বিভিন্ন অপারেশনে অংশ নেন।

মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা জহর লালসহ রামুর সাবেক সাংসদ ওসমান সরওয়ার আলম চৌধুরী, রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোশতাক আহমদসহ অনেক মুক্তিযোদ্ধার বাড়িঘরে অগ্নিসংযোগ করে এবং সম্পদ লুট করে।
এক ছেলে ও এক মেয়ের জনক জহর লাল বর্তমানে কক্সবাজার শহরে একটি ভাড়া বাসায় কোনো রকমে দিন কাটাচ্ছেন।