স্বীকৃতি নিয়ে চিন্তা করবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কওমি মাদ্রাসাশিক্ষার সনদের স্বীকৃতির বাস্তবায়ন নিয়ে চিন্তা না করতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইসলাম ও আলেমভক্ত মানুষ। আজ তাঁর হাতে বাংলাদেশ। আপনাদের লাখ লাখ শিক্ষার্থীর স্বীকৃতি বাস্তবায়িত হবে না, এটা চিন্তাই করবেন না। প্রধানমন্ত্রী আলেম-ওলামাদের কথা সব সময় চিন্তা করেন।’

গতকাল সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘কওমি মাদ্রাসার শিক্ষাসনদ: গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ এর আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারা দেশে এমন কোনো থানা বা ইউনিয়ন নেই, যেখানে কওমি মাদ্রাসা নেই। কওমির এই লাখ লাখ সন্তান কেন স্বীকৃতিবিহীন থাকবে? এসব শিক্ষার্থী তো কেবল দ্বীন নয়, দুনিয়ার বিদ্যাও অর্জন করছে। তাহলে তারা কেন স্বীকৃতি পাবে না? এটা আমারও প্রশ্ন।’ চট্টগ্রামের জিরি মাদ্রাসার পরিচালক শাহ মুহাম্মদ তৈয়্যবের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।