স্বীকৃতি পেতে গৃহবধূ দীপ্তির আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে, স্বামী, অনাগত সন্তান ও শ্বশুরবাড়ির অধিকার ফিরে পেতে আন্দোলনে নেমেছেন দীপ্তি রানী দাস (২৫)। একই সঙ্গে জন্মস্থান খুঁজে পেতে চান তিনি। ২৫ দিন ধরে ভোলার লালমোহনে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘোরা ও অনশনের মতো আন্দোলন করেও কোনো অধিকার মেলেনি।

দীপ্তি এখন আছেন ভোলার লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জয় কুমার দাসের বাড়িতে। প্রতিদিন শত শত মানুষ ওই লড়াকু গৃহবধূকে দেখতে আসছে। তাঁর নিরাপত্তার জন্য পুলিশের দুজন সদস্য পাহারায় আছেন। দীপ্তির হাতে শাখা। মাথায় সিঁদুর। চোখেমুখে আত্মপ্রত্যয়-দৃঢ়তা। গত রোববার তিনি অধিকার আদায়ে লালমোহন পৌরসভার লালমোহন বাজারের ব্যবসায়ী কালিপদ দাসের বাড়ির দরজায় অনশনে বসেছিলেন। সেটি তাঁর শ্বশুরবাড়ি।

কাউন্সিলর রঞ্জয় কুমার বলেন, সকাল থেকে অনশন শুরু করেন। রাত ১২টায় লালমোহনের ইউএনও শামসুল আরিফ ও থানার ওসি হ‌ুমায়ূন কবির দীপ্তিকে উদ্ধার করে অনশন ভাঙান।

ইউএনও বলেন, ‘মেয়েটির নিরাপত্তার জন্য অনশন থেকে উদ্ধার করে কাউন্সিলর রঞ্জয় কুমার দাসের বাড়িতে রেখেছি। নিরাপত্তার স্বার্থে পুলিশ পাহারায় রেখেছি। মেয়েটির অধিকার ফিরিয়ে দিতে চেষ্টা করছি। কিন্তু স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

কাউন্সিলর বলেন, গত ১৬ মে দীপ্তি ঢাকার জয়দেবপুর থেকে ভোলার লালমোহন আসেন। বিয়ে, স্বামী, অনাগত সন্তানসহ শ্বশুরবাড়ির অধিকার ফিরে পেতে উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ছুটে বেড়িয়েছেন। উপজেলা চেয়ারম্যান, ইউএনও, আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন জনের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেন। এমনকি ভোলা-৩ আসনের সাংসদের কাছে ফোন করেছেন।

দীপ্তি রানী বলেন, লালমোহন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কালিপদ দাসের ছেলে উজ্জ্বল চন্দ্র দাস তাঁর স্বামী। এক বছর আগে তাঁর সঙ্গে উজ্জ্বলের পরিচয় হয়। দীপ্তি ও উজ্জ্বল তখন ঢাকা গাজীপুরের ইউডা গার্মেন্টসে চাকরি করতেন। উজ্জ্বল পেশায় টেক্সটাইল প্রকৌশলী। চাকরি, দেখা-সাক্ষাতের সুবাদে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁদের জয়দেবপুরের শিবমন্দিরে বিয়ে হয়। পরে তাঁরা গাজীপুর হোতাপাড়ায় সংসার শুরু করেন। কিন্তু অন্তঃসত্তা হওয়ার পর মেনে নিতে অস্বীকার করায় বিরোধ লাগে।