ক্রান্তিকালীন দুর্যোগ মোকাবিলায় ‘ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
গতকাল মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। গতকাল নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৫ পালন করা হয়।
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ বাংলাদেশসহ আটটি দেশের আটটি সম্প্রদায়কে দুর্যোগ ঝুঁকি প্রশমনে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করেছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক কর্মসূচিতে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি প্রশমন দপ্তর এই চ্যাম্পিয়ন ঘোষণা করে। বাংলাদেশে ঝুঁকি প্রশমনে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি এলাকা। সিডরের পর পরিবেশ সুরক্ষা ও ক্ষতি কাটিয়ে ওঠার কর্মকাণ্ডে শিশুদের যুক্ত করার জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া ক্যামেরুন, কলম্বিয়া, ইতালি, যুক্তরাজ্য, ফিলিপাইন, সুদান, ভানুয়াতুর—এই সাতটি এলাকাকে একই স্বীকৃতি দেওয়া হয়।
জাতিসংঘের ঝুঁকি প্রশমন দপ্তরের প্রধান মার্গারিটা ওয়ালস্ট্রম বলেন, নিজেদের স্থানীয়, ঐতিহ্যগত ও চিরাচরিত জ্ঞান কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নানা সম্প্রদায় ঝুঁকির মধ্যে বাস করার সামর্থ্য অর্জন করেছে। এ বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করেই দিবসটি পালন করা হচ্ছে।
ওসমানী মিলনায়তনে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার’ জাপানের সহায়তায় নির্মিত হবে। এ জন্য জাপান সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এটি হবে দেশে দুর্যোগ ব্যবস্থাপনায় ‘সেন্টার অব এক্সিলেন্স’।
দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনার সরঞ্জাম ও প্রযুক্তি নিয়ে মেলারও আয়োজন করা হয়।