স্বীকৃতি পেলেন দুই নারী মুক্তিযোদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের ৪৫ বছর পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুজন নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গতকাল সোমবার তাঁদের এ স্বীকৃতিপত্র দেন।
স্বীকৃতি পাওয়া দুজন মুক্তিযোদ্ধা হলেন মনোয়ারা খাতুন (৬১) ও মিনারা বেগম (৬০)।
সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গেজেট প্রকাশের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওয়ের মাধবপাশার মৃত তাজুল ইসলামের মেয়ে মনোয়ারা খাতুন এবং কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নিশ্চিন্তপুরের মৃত রহমত আলীর মেয়ে মিনারা বেগমকে নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। সাংসদ কেয়া চৌধুরী গতকাল সাতগাঁওয়ে মনোয়ারা খাতুনের উঠানে তাঁদের দুজনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতিপত্র তুলে দেন।
মনোয়ারা খাতুন বলেন, ‘অনেক কষ্ট আছে। তবে স্বীকৃতি পেয়ে খুব খুশি। ভালো লাগছে।’ মিনারা বেগম বলেন, তাঁর খুব ভালো লাগছে। এটা বলে বোঝানোর মতো না।