স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি

প্রধানমন্ত্রী কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’। গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারী মহাসমাবেশ করে এ দাবি জানানো হয়।
মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি যৌক্তিক। তিনি এই দাবির পক্ষে সমর্থন জানিয়ে বলেন, আন্দোলনের পাশাপাশি যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মো. নবী নেওয়াজ ও মো. গোলাম মোস্তফা বিশ্বাস উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে সব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করার মাধ্যমে আরেক ইতিহাস সৃষ্টি করেন। প্রধানমন্ত্রী এই দাবি মেনে নেবেন বলেন তাঁরা আশা প্রকাশ করেন।
ফেডারেশনের সভাপতি মো. এশারত আলী বলেন, ২৫ মের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সমস্যা নিরসন করতে হবে। নইলে সারা দেশের শিক্ষক-কর্মচারী-অভিভাবক-শিক্ষার্থীসহ সবাইকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, সাবেক ভারপ্রাপ্ত শিক্ষাসচিব সিরাজ উদ্দিন আহমেদ, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মিলন কুমার ঘোষাল প্রমুখ উপস্থিত ছিলেন।