স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে পঞ্চগড়ে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। পঞ্চগড়-ঢাকা মহাসড়কে শহীদ মিনারের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচিতে কয়েক শ শিক্ষক-কর্মচারী অংশ নেন।
এ সময় ঐক্যজোটের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর মো. এরশাদুল হক বলেন, ১০ থেকে ১৫ বছর আগে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত জেলার ১০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির আশায় বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন। এসব প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার শিক্ষার্থী রয়েছে। অনেক প্রতিষ্ঠান ভালো ফল করছে।
মানববন্ধনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. হুমায়ুন কবির, বোদা উপজেলা সভাপতি মো. মিজানুর রহমান, আটোয়ারী উপজেলার যুগ্ম সম্পাদক আবদুল করিম প্রমূখ বক্তব্য দেন। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি সঞ্চারকলিপি দেওয়া হয়।