স্বীকৃতির অপেক্ষায় ৪১ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৯ সালের ১৯ ফেব্রুয়ারি। ছাত্রলীগের উদ্যোগে ১৪৪ ধারা ভঙ্গ করে কুষ্টিয়া শহরে মিছিল বের হয়। শুরু হয় পুলিশের সঙ্গে সংঘর্ষ। এ সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন আবদুর রাজ্জাক (৪৫)। উত্তাল হয়ে ওঠে কুষ্টিয়া। গণরোষ গণ-আন্দোলনে রূপ নেয়।সেই থেকে আবদুর রাজ্জাকের স্ত্রী জয়নব বিবি (৮৪) স্বামীর শহীদ মর্যাদার সরকারি স্বীকৃতির অপেক্ষায় প্রহর গুনছেন। আবদুর রাজ্জাকের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামে।জয়নব বিবি বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭০ সালে আমার নামে ৪০০ টাকার মানি অর্ডার পাঠিয়েছিলেন। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গেলে আবদুর রব সেরনিয়াবাত একটি ফরম হাতে দিয়ে তা পূরণ করে দিতে বলেছিলেন। পরে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। এরপর আটবার ঢাকায় গিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। স্বামীর শহীদ মর্যাদার সরকারি স্বীকৃতি আদায় করতে পারিনি। আমি আমার মৃত্যুর আগে স্বামীর শহীদ মর্যাদার সরকারি স্বীকৃতি দেখে যেতে চাই।’একমাত্র সন্তান দোলেনা বেগমের স্বামী ১৯৭৬ সালে মারা গেছেন। তাঁদের দুই মেয়ে বিয়ে দিয়েছেন। দুই ছেলের মধ্যে একজন বেসরকারি প্রতিষ্ঠানে ও অন্যজন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করেন। সহায়সম্বলহীন জয়নব বিবি আশ্রয় নিয়েছেন চরমল্লিকপুর গ্রামে মেয়ে দোলেনার সংসারে।গত শনিবার সেখানে গিয়ে দেখা গেল, জয়নব বিবি বিছানায় শুয়ে আছেন। এ প্রতিবেদককে দেখে ওঠে বসেন। হাত ধরে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন, ‘বাবারে আমার মনের কষ্টের কথা তুমি লেখো।’ খোঁজ নিয়ে জানা গেছে, আবদুর রাজ্জাক শহীদ হওয়ার পরদিন থেকে কুষ্টিয়ায় তিন দিনব্যাপী শোক পালন করা হয়। আবদুর রাজ্জাক দিবস পালন করতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে ১৯৭১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কুষ্টিয়া যুব স্পোর্টিং ক্লাব আবদুর রাজ্জাক দিবস পালন করতে শহীদ আবদুর রাজ্জাক স্মৃতি ভলিবল খেলার আয়োজন করে থাকে।বর্তমান কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নাসিমউদ্দিন আহমেদ জানান, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের গুলিতে আবদুর রাজ্জাক কোর্টপাড়া এলাকায় শহীদ হন। পুলিশ লাশ নিয়ে যায়। পরে কুষ্টিয়ার কোর্টপাড়া পৌর কবরস্থানে (পেয়ারাতলা) তাঁর লাশ দাফন করা হয়। ১৯৭০ সালে কুষ্টিয়ায় নির্বাচনী সভা করতে এসে বঙ্গবন্ধু তাঁর কবর জিয়ারত করেছিলেন।নাসিমউদ্দিন আহমেদ বলেন, ‘আবদুর রাজ্জাক পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সংগ্রামে কুষ্টিয়া এলাকায় প্রথম শহীদ হন। তাঁর স্ত্রীর মৃত্যুর আগেই সরকারি স্বীকৃতি পাওয়া উচিত।’