স্বীকৃতির দাবি থেকে আদিবাসীরা সরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীরা তাদের সাংবিধানিক স্বীকৃতির দাবি থেকে সরে আসেনি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদও যথাযথ নয়। গতকাল বুধবার আদিবাসী নেতা ও বিশেষজ্ঞদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুন আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বৈঠকে আদিবাসী নেতা ও বিশেষজ্ঞরা ‘আদিবাসী’ শব্দটি ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরেন। ওই বৈঠকে তাঁরা বলেছিলেন, আইএলও কনভেনশন নম্বর ১০৭ ও ১৬৯, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সনদ ও নীতিমালা অনুযায়ী বাংলাদেশের আদিবাসী জনগণ ‘আদিবাসী’ বা ‘ইনডিজেনাস পিপলস’। কিন্তু আদিবাসীরা তাদের দাবি থেকে সরে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ দেওয়া হয়েছে, তা যথাযথ নয়। বরং তারা যে আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি চায়, সে কথা আইনমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করা হয়।উল্লেখ্য, ২৮ জুন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল ও অধ্যাপক এইচ কে এস আরেফিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এবং আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বৈঠক করেন।