স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন
রংপুরের রবার্টসনগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে প্রতিষ্ঠানের শিক্ষকেরা গতকাল বুধবার ক্লাস বর্জন করেছেন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হানজালা ইসলাম জানান, রবার্টসনগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা বেগমের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছরের জন্য বর্ধিত করা হয়। এই বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলেও তিনি স্বপদে বহাল আছেন। তিনি প্রতিষ্ঠানের নানা অনিয়মের সঙ্গে যুক্ত হয়ে স্বেচ্ছাচারিতা করে চলেছেন বলে শিক্ষকেরা অভিযোগ করেন। এ নিয়ে একটি অভিযোগনামা দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কাছে প্রেরণ করা হয়। এরপর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. আমিনুল হক সরকার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, ৬৫ বছর বয়স অতিক্রম হওয়ার পর বিধিসম্মতভাবে চাকরির বয়স বৃদ্ধি অনুমোদন করার কোনো সুযোগ নেই। পরে শিক্ষকদের উপস্থিতিতে বিষয়টি আপসরফা হলেও তিনি অধ্যক্ষ পদ থেকে সরছেন না। এ পরিস্থিতিতে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানটির ৪১ জন শিক্ষক ক্লাস বর্জন করেন এবং তাঁরা অধ্যক্ষের অপসারণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বর্তমান অধ্যক্ষকে বহাল রেখে নতুন অধ্যক্ষ নিয়োগ নিয়ে অনিয়ম হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে অধ্যক্ষ মাহমুদা বেগম বলেন, ‘আমি আমার পদ থেকে অব্যাহতি চেয়েছি। কিন্তু প্রতিষ্ঠানের সভাপতি নতুন অধ্যক্ষ না আসা পর্যন্ত দায়িত্ব পালন করতে বলেছেন বলেই রয়েছি। নতুন অধ্যক্ষ নিয়োগ হলেই চলে যাব।’ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মশিউর রহমান বলেন, ‘ইতিমধ্যে অধ্যক্ষ নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অধ্যক্ষ নিয়োগ হলেই বর্তমান অধ্যক্ষ চলে যাবেন।’