গত ১৪ বছরে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা শূন্য থেকে ৩০ শতাংশে উন্নীত হলেও এখন পর্যন্ত সাধারণ মানুষের মাঝে নিয়মিত স্বেচ্ছায় রক্ত দেওয়ার মানসিকতার ঘাটতি রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। তাঁরা বলছেন, অধিকতর নিরাপদ রক্ত পরিসঞ্চালনের জন্য স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা শতভাগে উন্নীত করা দরকার। এ জন্য সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।
বিশ্বব্যাপী স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করতে আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। এবার দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ’।
দিবসটি উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ওয়েবসাইটে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, ২০১৩ সালে শিশু জন্মদানের সময় সারা বিশ্বে প্রায় তিন লাখ মায়ের মৃত্যু ঘটে। তাঁদের ২৭ শতাংশের মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তপাত এবং সেই ঘাটতি পূরণ করতে না পারা। কোনো দেশের প্রতি এক হাজার মানুষের মধ্যে যদি ১০ জন নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে, তাহলে সেখানে রক্তের কোনো অভাব থাকার কথা না।
বাংলাদেশে ২০০০ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিরাপদ রক্ত পরিসঞ্চালন কর্মসূচি শুরু হয়। কর্মসূচির ব্যবস্থাপক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান ডা. মো. মাজহারুল হক প্রথম আলোকে জানান, ২০১৪ সালে সারা দেশের ২১৩টি কেন্দ্র থেকে সর্বমোট ৬ লাখ ১৮ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। তিনি বলেন, সংগৃহীত রক্তের ৭০ শতাংশের বেশি নিকটাত্মীয়ের কাছ থেকে পাওয়া। বাকিটা স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে সংগ্রহ করা।
এই পরিস্থিতিতে চাহিদার বিপরীতে রক্তের কোনো ঘাটতি চোখে না পড়লেও স্বেচ্ছায় রক্তদানকে কেন উৎসাহিত করা হচ্ছে—জানতে চাইলে মাজহারুল হক বলেন, ‘চিকিৎসাবিজ্ঞান সাধারণত নিকটাত্মীয়ের কাছ থেকে রক্ত নিতে নিরুৎসাহিত করে। কারণ এতে করে জিভিএইচডির (গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ) মতো দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। এ ছাড়া যাঁদের নিয়মিত রক্ত নিতে হয়, কিংবা মুমূর্ষু ব্যক্তির রক্তের অভাবের ঝুঁকিটা থেকেই যায়।’
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত কর্মসূচির পরিচালক ডা. মো. তারিক মেহেদী বলেন, ‘গত এক দশকে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যা কিছুটা বাড়লেও নিয়মিত স্বেচ্ছায় রক্ত দেওয়ার মানসিকতায় ঘাটতি রয়েছে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই পরিস্থিতি থেকে উত্তরণ প্রয়োজন।’
তবে এ জন্য যে ধরনের প্রচারণা কিংবা সচেতনতামূলক কার্যক্রম দরকার, তার জন্য সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।
বিষয়টি স্বীকার করে ডা. মো. মাজহারুল হক বলেন, ‘সামাজিক পরিসরে স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে মানুষকে সচেতন ও প্রণোদিত করার জন্য আরও বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন।’