স্বেচ্ছাশ্রমে করতোয়ায় বাঁশের সাঁকো নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় করতোয়া নদীর ওপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। গত শনিবার আনুষ্ঠানিকভাবে এই সাঁকো উদ্বোধন করেন এলাকার চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ। এলাকাবাসী এখানে সেতু নির্মাণের জন্য দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে।শিবগঞ্জ উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে এক পারে অনন্তবালাসহ আটটি গ্রাম। অপর পারে মহাস্থানগড় বাজার। মাঝখান দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। আর এই নদীর ওপর সেতু না থাকায় ওই আট গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে যাতায়াতের জন্য দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিন ধরে একটি বাঁশ নদীর ওপর ফেলে এসব গ্রামের মানুষ চলাচল করত। এই বাঁশের ওপর দিয়ে নদী পার হতে গিয়ে গত তিন বছরে অনন্তবালা গ্রামের জিহাদ হোসেন (৮), বিপ্লব রহমান (৯) ও নিঝুম হোসেন (৬) নামে তিন শিশু করতোয়া নদীতে ডুবে মারা গেছে।এলাকাবাসী জানান, সাঁকো নির্মাণে গ্রামবাসী একজোট হয়ে নেমেছিল। আর এই প্রায় অসাধ্য সাধন যাঁর কারণে হয়েছে, তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন, নন সমাজসেবীও। তিনি সাধারণ একজন মানুষ। নাম জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম বলেন, ‘এখানে-ওখানে ধরনা দিয়েও জনগণের এই সমস্যা সমাধানের লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন গ্রামের মানুষকে বোঝালাম, নিজেদের সমস্যা নিজেদেরই মেটাতে হবে। সবাই সহযোগিতা করেছেন। তাই গ্রামবাসীকে নিয়ে দুর্ভোগ লাঘবের চেষ্টা করেছি মাত্র।’মহাস্থান কলেজের ছাত্র আশিকুর রহমান জানায়, তার মতো অনেক ছাত্রছাত্রী আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে গেলে অনেকটা পথ ঘুরতে হতো। তাড়াতাড়ি বাড়ি যেতে চাইলে কাপড় ভিজিয়ে করতোয়া নদী পাড়ি দিতে হতো। পথের দূরত্ব কমানোর জন্য সে অনেক সময় বই-খাতার পাশাপাশি লুঙ্গি নিয়েও বাড়ি থেকে বের হয়। লুঙ্গি পরে নদী পার হয়ে আবার প্যান্ট পরে কলেজে এসেছে অনেকবার। কিন্তু সাঁকো হওয়ার পর এখন তাদের এই সমস্যায় আর পড়তে হবে না।অনন্তবালা গ্রামের কৃষক মনির উদ্দিন (৪০) জানান, নদীর ওপারে তাঁদের বেশির ভাগ জমি। চাষাবাদে তাই ভীষণ সমস্যায় পড়েছিলেন। সাঁকোটি হওয়ায় অনেক সুবিধা হবে।রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ জানান, গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সাঁকো হলো। সরকারিভাবে এখানে সেতু দরকার। এ জন্য চেষ্টা চালিয়ে যাবেন।