স্বেচ্ছাশ্রমে কষ্ট দূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামে যাওয়ার রাস্তা ছিল না। গ্রামে যাওয়ার পথে থাকা খালের ওপর ছিল না সেতু। তাই যাতায়াত করতে খুব অসুবিধা হতো গ্রামবাসীর। রাস্তা ও সেতুর দাবিতে অনেকের কাছে গিয়েছিলেন তাঁরা। কেউ কেউ এগুলো নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু কেউ কথা রাখেননি। শেষমেশ গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ করেছেন রাস্তা ও কাঠের সেতু।
উদ্যমী এসব মানুষ যে গ্রামে বাস করে সেই গ্রামের নাম হাজীপুর। এটি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। এই গ্রামে তিন শতাধিক পরিবারের বাস।
গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, উপজেলা সদর থেকে চার কিলোমিটার পশ্চিমের হাজীপুর গ্রামের বাসিন্দাদের হাটবাজার এবং দৈনন্দিন প্রয়োজনে পাশের নবগ্রাম হয়ে যাতায়াত করতে হয়। কিন্তু নবগ্রাম পর্যন্ত দুই কিলোমিটার কোনো রাস্তা ছিল না। তা ছাড়া নবগ্রাম ও হাজীপুরের সীমান্ত এলাকা দিয়ে প্রবাহিত খালের ওপর কোনো সেতু না থাকায় তাঁদের দুর্ভোগ পোহাতে হতো। বর্ষাকালে নৌকা বা কলাগাছের ভেলায় যাতায়াত করতে হতো।
হাজীপুর গ্রামের নুরুল ইসলাম বলেন, বছরের পর বছর দুর্ভোগ পোহালেও কোনো সরকারের আমলেই কেউ রাস্তা তৈরি করতে এগিয়ে আসেনি। তাঁরা জনপ্রতিনিধিদের পেছনে ঘুরেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। শেষমেশ এ গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান সোহেল ও আয়নাল হক সরকারের উদ্যোগে গ্রামবাসীকে একত্র করা হয়। তাঁরা সিদ্ধান্ত নেন নিজেরাই তৈরি করবেন নিজেদের রাস্তা।
এই সিদ্ধান্ত অনুযায়ী গত ডিসেম্বরে শুরু হয় রাস্তা নির্মাণের কাজ। গ্রামের প্রতিটি বাড়ি থেকেই ছাত্র, যুবক ও শ্রমজীবী মানুষ অংশ নেন নির্মাণকাজে। খালের ওপর সেতু নির্মাণের কাঠ কিনতে সহায়তা করেন এই গ্রামের বাসিন্দা সুইডেনপ্রবাসী মনিরুল ইসলাম। এ ছাড়া গ্রামের যে যার সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়েছেন। সবাই উৎসাহ নিয়ে শ্রম দিয়েছেন রাস্তা নির্মাণকাজে। গত সপ্তাহে নির্মাণকাজ শেষ হয়েছে।
গ্রামের বাসিন্দা আকবর হোসেন বলেন, ‘আমরা নিজেরাই নিজেদের রাস্তা তৈরি করে দুর্ভোগ দূর করেছি। সবাই মিলে কাজ করলে যেকোনো অসাধ্য সাধন করা যায়, রাস্তা নির্মাণ করে আমরা তা প্রমাণ করেছি।’