স্বেচ্ছাশ্রমে কাপ্তাই হ্রদের কচুরিপানা অপসারণ
রাঙামাটির কাপ্তাই হ্রদে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা নানা ধরনের সমস্যা সৃষ্টি করে রেখেছিল। এ সমস্যা সমাধানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিডিআর, আনসার বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় লোকজন কাঁধে কাঁধ মিলিয়ে এ হ্রদ থেকে গত বৃহস্পতিবার থেকে কচুরিপানা অপসারণের কাজ শুরু করেছে। এলাকাবাসী জানান, কাপ্তাই হ্রদে প্রচুর পরিমাণে কচুরিপানা জমে থাকায় যাত্রী ও পণ্যবাহী ট্রলার, নৌকাসহ বিভিন্ন ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল। একই কারণে কর্ণফুলী কাগজকলের জন্য দূরদূরান্ত থেকে আনা বাঁশের ভেলা ঘাটে ভিড়াতে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছিল। মাত্র কয়েক ফুট পানি কমলে কচুরিপানা জমে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হত। এসব কারণে সবাই একজোট হয়ে গত বৃহস্পতিবার থেকে কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন। সরেজমিনে দেখা গেছে, কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি থেকে পানি বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পাঁচ থেকে সাত কিলোমিটার এলাকায় হ্রদের পানিতে কচুরিপানা জমে আছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে কমপক্ষে ১০ থেকে ১২টি স্থানে একসঙ্গে শুরু হয় কচুরিপানা অপসারণ। ওই দিন পাঁচ থেকে ছয় হাজার মানুষ একসঙ্গে এ কাজ করেছেন। সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্নেল ইলিয়াস হোসেন বলেন, কচুরিপানা জমে যাওয়ায় যেসব সমস্যা সৃষ্টি হয়েছে বা হবে তা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। এখন থেকে কচুরিপানা অপসারণের জন্য মাসিক বা পাক্ষিক একটি দিন ঠিক করা হবে। এক দিন পর পর কচুরিপানা অপসারণের কাজ করা হবে।বিলাইছড়ি উপজেলার কেঙেরাছড়ি গ্রামের বাসিন্দা তনুময় তঞ্চঙ্গ্যা (৪০) ইঞ্জিনচালিত নৌকায় করে কলা ও মৌসুমি শাকসবজি নিয়ে এসেছেন কাপ্তাই নতুন বাজারে। তিনি জানান, তাঁদের গ্রাম থেকে ২০ কিলোমিটার পথ আসতে সময় লাগে এক ঘণ্টা। আর কচুরিপানায় ভরা আধা কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে আরও এক ঘণ্টা। আবার অনেক সময় আটকে পড়ে থাকতে হয়। পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মো. ফেরদাউস আলী জানান, বিদ্যুৎ উৎপাদনে এখনো সমস্যা সৃষ্টি হচ্ছে না। তবে আর কয়েক ফুট পানি কমলে বিদ্যুৎ উৎপাদন ইউনিটের জেনারেটরের পাখায় কচুরিপানা আটকে বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটাবে। সে ক্ষেত্রে জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজরা খাতুন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কচুরিপানা সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।