স্বেচ্ছাশ্রমে কালভার্ট সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধসে যাওয়া কালভার্ট স্বেচ্ছাশ্রমে সংস্কার করছেন পাহাড়ি–বাঙালি বাসিন্দারা। ছবিটি দীঘিনালার গুলছড়ি এলাকায় গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
ধসে যাওয়া কালভার্ট স্বেচ্ছাশ্রমে সংস্কার করছেন পাহাড়ি–বাঙালি বাসিন্দারা। ছবিটি দীঘিনালার গুলছড়ি এলাকায় গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয় পাহাড়ি-বাঙালি বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে সংস্কার হচ্ছে ধসে যাওয়া কালভার্ট। উপজেলার রশিকনগর-মেরুং সড়কে এই কালভার্টের অবস্থান। গত সপ্তাহে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে এই কালভার্টটি পুরোপুরি ধসে যায়। ফলে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করার জন্য গত শুক্রবার এলাকার পাহাড়ি-বাঙালি বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।

গতকাল রোববার দুপুরে উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে রশিকনগর-মেরুং সড়কের ধনু গাজী টিলা এলাকায় গিয়ে দেখা যায়, পানিনিষ্কাশনের জন্য দেওয়া সড়কের নিচে পাইপ কালভার্টটি ধসে পড়ে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। ঢলের পানিতে সিমেন্টের তৈরি দুটি পাইপ সড়ক থেকে ৮-১০ ফুট দূরে ভেসে গেছে। স্থানীয় বাসিন্দারা পাইপগুলো যথাস্থানে বসিয়ে তার ওপর মাটি ফেলেছেন। এখন চলছে কালভার্টের ওপর ইট বসানোর কাজ।

স্বেচ্ছাশ্রমে কাজের তদারকি করা দেবব্রত কার্বারি বলেন, এ সড়কটি দিয়ে সাতটি গ্রামের লোকজন যাতায়াত করেন। এ সড়কে ভাড়ায়চালিত মোটরসাইকেল চললেও সপ্তাহের হাটবারগুলোতে জিপ গাড়িতে পণ্য পরিবহন করা হয়।

এ ব্যাপারে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম বলেন, পাহাড়ি-বাঙালি মিলেমিশে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করছেন। এটা এক অনন্য দৃষ্টান্ত। রশিকনগর-মেরুং সড়কের ধসে যাওয়া কালভার্টটি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ এলে স্থায়ীভাবে সংস্কার করা হবে।