স্বেচ্ছাশ্রমে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সংস্কার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সোনারগাঁয়ের ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সংস্কারে এলাকাবাসীর সঙ্গে যোগ দিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সড়কটির মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকার সংস্কারকাজ গতকাল বুধবার শুরু হয়েছে। পাঁচ বছর ধরে কোনো মেরামত না হওয়ায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।সোনারগাঁ থানার পুলিশ ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, এ সড়কে গত এক বছরে ৪৫টি দুর্ঘটনা ঘটেছে। সড়কটি মেরামতের দাবিতে সোনারগাঁ পৌরসভা ও ১০টি ইউনিয়নের মানুষ আন্দোলনের পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে। সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল অভিযোগ করে বলেন, ‘একটি সড়ক মেরামতের জন্য মানুষের এত আন্দোলন ও সংগ্রাম দেশের অন্য কোথাও হয়েছে কি না, আমাদের জানা নেই। সড়কটি মেরামতের জন্য কয়েক দফা প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ও স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার।’ এ ব্যাপারে সাংসদ আবদুল্লাহ আল কায়সার প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমি যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে টেন্ডার (দরপত্র) করিয়েছি। কিন্তু কাজটি শুরু করার কয়েক দিন পর ঠিকাদার কাজটি বন্ধ করে দেন।’ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন জানান, ‘এলাকাবাসীর আর্থিক সহযোগিতা, তাদের স্বেচ্ছাশ্রম ও আমার বেতনের টাকা দিয়ে কাজটি শুরু করেছি, মানুষের কষ্ট দেখে আমরা আর বসে থাকতে পারি না। তাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সড়কটির মেরামত কাজ করা হচ্ছে।’ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, সড়কটির দ্রুত মেরামত প্রয়োজন। কিছুদিনের মধ্যেই কাজ শুরু করব। বর্তমানে ওই সড়কের নির্মাণকাজের জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন।