স্বেচ্ছাশ্রমে চলছে ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ

স্বেচ্ছাশ্রমে চলছে বিশ্ব ইজতেমার ময়দানের শেষ প্রস্তুতির কাজ। গাজীপুর, ঢাকা ও আশপাশের এলাকা থেকে তাবলীগ জামাতের সাথিরা এসব কাজ করছেন। মুসল্লিদের নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তত্পর স্থানীয় প্রশাসনও। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা।
গতকাল মঙ্গলবার টঙ্গীর ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, পুরোদমে এগিয়ে চলছে প্রস্তুতির কাজ। কেউ মাটি কাটছেন, কেউ সেই মাটি বস্তায় ভরছেন, কেউ আবার সারি বেঁধে হাতে হাতে মাটি নিয়ে উঁচুনিচু মাঠ ভরাট করছেন, কেউ তাঁবু টানাচ্ছেন, কেউ শৌচাগার নির্মাণ করছেন, আবার কেউ মাঠ পরিষ্কারের কাজ করছেন। এঁদের সবাই স্বেচ্ছাশ্রমে আল্লাহর সন্তুষ্টির নিয়তেই এসব কাজ করছেন বলে জানান বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা। সাধারণ মানুষের সঙ্গে প্রস্তুতির কাজে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও।
ময়দানে ঢুকেই বাঁ পাশে গিয়ে দেখা যায়, দীর্ঘ সারির মাধ্যমে মাটি বহন করে মাঠের উঁচুনিচু জায়গা সমান করছেন মুসল্লিরা। সবাই আল্লাহর জিকিরের সঙ্গে করছেন এ কাজ। সেখানে কথা হয় মো. শাহাদাত হোসেনের সঙ্গে। রাজধানীর ইস্টার্ন প্লাজায় তাঁর দোকান। আজ দোকান বন্ধ থাকায় ইস্টার্ন প্লাজা থেকে ২২০ জন স্বেচ্ছাসেবী এ কাজে এসেছেন। তিনি জানান, এখানে কোনো কাজ নির্ধারণ করা নেই। সবাই নিজ ইচ্ছায় এসে কাজ করছেন। ইজতেমায় আসা মুসল্লিদের নামাজ পড়তে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য মাঠ সমানের কাজ করছেন বলে জানান তিনি।
মিরপুর রূপনগর থেকে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজে অংশ নিয়েছেন বলে জানান আনোয়ার হোসেন। তিনি বলেন, গতকাল অধিকাংশেরই অফিস বন্ধ থাকায় তাঁরা এসেছেন। উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করা।
আনিস নামের আরেকজন জানান, বিশ্বের বিভিন্ন স্থান থেকে ইজতেমায় আসা মুসল্লিদের যাতে কষ্ট না হয়, সে জন্য মিরপুর থেকে স্বেচ্ছায় কাজ করতে এসেছেন তিনি।
ইজতেমা মাঠের দক্ষিণ পাশে কথা হয় পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে আসা মুসল্লি মাকবুল আহমাদের সঙ্গে। তাঁর সঙ্গে ওই এলাকা থেকে ৬৮ জন স্বেচ্ছাসেবী এসেছেন। তাঁরা সবাই মাঠ পরিষ্কারের কাজ করছেন বলে জানান মাকবুল আহমাদ। তিনি বলেন, তৌহিদের বাণী জানা ও অন্যের কাছে পৌঁছানোর লক্ষ্যে এবং দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিলের উদ্দেশ্যে তাঁরা কাজ করছেন।
মাঠের পশ্চিম পাশে মাঝামাঝি স্থানে নামাজের মঞ্চ তৈরি করছিলেন কয়েকজন মুসল্লি। সেখানে কথা হয় এক মুসল্লির সঙ্গে। নিজের নাম প্রকাশ না করার শর্তে ওই মুসল্লি জানান, ১৯৮৫ সাল থেকে তিনি ইজতেমার সময় স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। প্রতিবারই শুরু থেকে শেষ পর্যন্ত কাজে শ্রম দিয়ে যান তিনি।
ইজতেমা মাঠের উত্তর-পশ্চিম পাশে কথা হয় গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে আসা মো. মাসুদের সঙ্গে। তাঁরা মোট ২০০ জন এসেছেন ওই এলাকা থেকে। বাঁশ ও টিন বহন এবং শৌচাগার নির্মাণের কাজ করছেন তাঁরা।
এদিকে বিশ্ব ইজতেমা শুরুর ১০ দিন আগেই প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়েছে বলে মনে করছেন আয়োজকেরা। ইজতেমা আয়োজক কমিটির প্রধন মুরব্বি মো. গিয়াস উদ্দিন বলেন, ইজতেমা আয়োজনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। বিভিন্ন স্থান থেকে তাবলীগ জামাতের সাথি, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানেরা এসে স্বেচ্ছায় প্রস্তুতির কাজ করছেন। বাকি কাজ শিগগিরই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে ইজতেমায় আসা মুসল্লি এবং সাধারণ মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন। ইজতেমায় আসা মানুষের নিরাপত্তায় দুই পর্বে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানান টঙ্গী মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন। তিনি আরও জানান, পুলিশ ছাড়াও র্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। মহাসড়কসহ আশপাশের এলাকার সড়কগুলোয় যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এ ছাড়া সোমবার থেকে পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফুটপাত ও ভাসমান দোকান উচ্ছেদে অভিযান চলছে বলেও জানান তিনি।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ২৪ থেকে ২৬ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।