স্বেচ্ছাশ্রমে চলছে বাঁধ রক্ষার কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কারের কাজ করছেন স্থল মানবকল্যাণ সচেতন যুবসমাজের সদস্যরা l ছবি: প্রথম আলো
জামালপুরের সরিষাবাড়ীতে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কারের কাজ করছেন স্থল মানবকল্যাণ সচেতন যুবসমাজের সদস্যরা l ছবি: প্রথম আলো

একদল বাঁশ ও বস্তা সংগ্রহ করছে, আরেক দল সেই বস্তায় মাটি ভরে যমুনা নদীতে ফেলছে। চার দিন ধরে বন্যার পানি ও ভাঙন থেকে জামালপুর উপজেলার আওনা ইউনিয়নের বেড়িবাঁধ রক্ষার জন্য এভাবে কাজ করে যাচ্ছেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এ কাজে তাঁদের সহায়তা করছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে সরেজমিনে এ দৃশ্য দেখা গেছে।

 এলাকাবাসী সূত্রে জানা যায়, জামালপুরের বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া অতিবৃষ্টির কারণে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল বেড়িবাঁধটি হুমকির মুখে পড়েছে। এর দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। বেড়িবাঁধের পাশে রয়েছে স্থল, কুলপাল ও কুমারপাড়া—এ তিনটি গ্রাম। বাঁধ রক্ষা করা না গেলে এ তিনটি গ্রামে বন্যার পানি ঢুকে বাড়িঘর তলিয়ে যাবে।

এ পরিস্থিতিতে সরকারি সহায়তার জন্য অপেক্ষা না করে স্থল মানবকল্যাণ সচেতন যুব সমাজ নামের একটি সংগঠনের ৮১ জন সদস্য বাঁধটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করার উদ্যোগ নিয়েছেন। গত রোববার থেকে বাঁধ রক্ষার জন্য তাঁরা পালাক্রমে দিনরাত কাজ করে যাচ্ছেন। বাঁশ দিয়ে পাইলিং করে তার মধ্যে বালুর বস্তা ফেলে তাঁরা চার দিনে বাঁধের দেড় শ মিটার সংস্কার করেছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাঈম বলেন, ‘গ্রাম তিনটি রক্ষার জন্য সংগঠনের সদস্যরা কাজ করে যাচ্ছেন।’ সদস্য রবিন মিয়া বলেন, ‘বাঁধ রক্ষায় প্রথমে আমরা আলোচনা করি। পরে সিদ্ধান্ত নিয়ে রক্ষায় গ্রামবাসীদের সহায়তায় কাজ করছি।’

স্থল গ্রামের বাসিন্দা আবদুল জলিল বলেন, ‘গ্রামের ছেলেরা বাঁধ সংস্কারের কাজ না করলে এত দিন ঘরের মধ্যে বানের পানি ঢুকত। তাই এদের সহযোগিতা করে যাচ্ছি।’

এ বিষয়ে আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন বলেন, ‘গ্রামের তরুণেরা স্বেচ্ছাশ্রমে বন্যা ও যমুনার ভাঙন থেকে বাঁধ রক্ষায় কাজ করছে। এদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব।’

 পানি উন্নয়ন বোর্ড জামালপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গোলাম ফারোয়ার বলেন, ‘বাঁধ রক্ষায় এলাকার তরুণেরা এগিয়ে আসায় দেশের সম্পদ রক্ষা পাচ্ছে। তারা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা আগামীকাল (আজ বৃহস্পতিবার) সেখানে জিও ব্যাগ সরবরাহ করে বাঁধ রক্ষায় সহায়তা করবে।’

এ বিষয়ে ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, সরিষাবাড়ীর তরুণদের মতো দেশের সব তরুণ এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলা সহজ হবে।