স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষার চেষ্টা
অব্যাহত ভাঙনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের হীরামতি গ্রামের ধলাই নদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধটি রক্ষায় এগিয়ে এসেছেন ইউনিয়নের ছয় গ্রামের লোকজন। গত শনিবার সকাল থেকে শতাধিক লোক বাঁধটি মেরামতের কাজ শুরু করেন। প্রায় ১৫০ ফুট লম্বা ফাটলসহ বাঁধটির অধিকাংশ নদীতে তলিয়ে যাওয়ায় হীরামতি গ্রামটি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বাঁধটি মেরামতের জন্য তাগাদা দিয়েও কোনো লাভ না হওয়ায় গ্রামবাসী এ উদ্যোগ নেন।
সরেজমিনে দেখা যায়, হীরামতি গ্রাম এলাকায় শতাধিক গ্রামবাসী বাঁধ রক্ষায় কাজ করছেন। প্রতিরক্ষা বাঁধের ওপরের ধানি জমি থেকে মাটি কেটে ও বালু বস্তায় ভরছেন লোকজন। অনেকেই আবার বাঁশ কেটে বাঁধের ভাঙনে পাইলিং করছেন। এলাকাবাসী জানান, এই ঝুঁকিপূর্ণ স্থানে প্রতিরক্ষা বাঁধে ভাঙন সৃষ্টি হলে মাধবপুর বাজার, হীরামতি ইত্যাদি এলাকা তলিয়ে যাবে।
এদিকে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের খবর শুনে দুপুরে ছুটে আসেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পাউবোর নির্বাহী প্রকৌশলী উন্দু বিজয় শঙ্কর চক্রবর্তী, কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু জানান, গ্রামবাসীর এমন উদ্যোগ বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।