স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তার নির্মাণকাজ শুরু
রাস্তা না থাকায় পাঁচ কিলোমিটারের বেশি ঘুরে নওগাঁর ধামইরহাট সদরে যেতে হতো উপজেলার মইশড় ও জগদল গ্রামের বাসিন্দাদের। তাই সরকারি বরাদ্দের আশায় বসে না থেকে ওই দুই গ্রামের বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে প্রায় দুই কিলোমিটার রাস্তার নির্মাণকাজ শুরু করেছেন।
ধামইরহাট সদরইউনিয়নের মইশড় জামে মসজিদ থেকে জগদল গ্রামের লতিফ মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার নির্মাণকাজ গতকাল মঙ্গলবার উদ্বোধন করেন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান। পরে মইশড় ও জগদল গ্রামের প্রায় এক হাজার লোক কোদাল, ডালি নিয়ে রাস্তার নির্মাণকাজে নেমে পড়েন। রাস্তা নির্মাণের জন্য ইউপি চেয়ারম্যান গ্রামবাসীর জন্য দুপুরে ভোজের ব্যবস্থা করেন।
মইশড় গ্রামের বাসিন্দা দেলদার হোসেন বলেন, ‘রাস্তাটি নির্মাণের জন্য এলাকার লোকজন চেয়ারম্যান ও সাংসদের কাছে বহুবার আবেদন করেছেন। ভোটের সময় আশ্বাস দিলেও পরে আর খোঁজ নেননি। অবশেষে গ্রামের লোকজন সরকারি অনুদান ও বরাদ্দের আশায় না থেকে নিজেদের রাস্তা নিজেরাই নির্মাণ করতে শুরু করেছেন। দুই গ্রামের প্রায় এক হাজার লোক স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণে এগিয়ে এসেছেন।’
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ইউপির বরাদ্দ থেকে চাহিদামাফিক উন্নয়ন করা সম্ভব হয় না। তাই মইশড়, জগদল ও কালুপাড়া গ্রামের মানুষের দাবি সময়মতো পূরণ করা সম্ভব হয়নি। তবে তাঁরা নিজেরাই নিজেদের রাস্তা নির্মাণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনুকরণীয়।