স্বেচ্ছাশ্রমে ধরলা নদীতে চলছে বাঁধ নির্মাণ
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে স্বেচ্ছাশ্রমে ধরলা নদীর একটি শাখায় (ছড়া নদী) বাঁধ নির্মাণকাজ শুরু করেছেন এলাকাবাসী।সরকারি সহযোগিতা না পেয়ে অবশেষে বুমকা, ইটাপোতা, কুড়ল, কর্ণপুর ও খাড়ুয়া গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ নিজেরাই বাঁশ, গাছ, দড়ি ও বস্তাসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সংগ্রহ করে ১৮ এপ্রিল থেকে বাঁধের কাজ শুরু করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মোগলহাট ইউনিয়নের ওই পাঁচটি গ্রামের দুই হাজার একর ফসলি জমি, বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার অনেক সচ্ছল কৃষক ভূমিহীন বা প্রায় ভূমিহীন হয়ে রাস্তার ধারে বা সরকারি জমিতে বাড়িঘর নির্মাণ করে মানবেতর জীবন যাপন করছেন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একাধিকবার পানি উন্নয়ন বোর্ড অফিসসহ বিভিন্ন দপ্তরে সাহায্য চেয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট মহল থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও বাস্তবে কোনো সহযোগিতা করা হয়নি। অবশেষে ওই পাঁচ গ্রামের মানুষ একত্রিত হয়ে স্বেচ্ছাশ্রমে ১৮ এপ্রিল থেকে ধরলা নদীর তিনটি শাখার একটিতে বাঁধ দেওয়ার কাজ শুরু করেন। এলাকাবাসী এ পর্যন্ত এই কাজে এক হাজার ১০০ বাঁশ, ৫০টি গাছ ও ২০ হাজার পলি ব্যাগ ব্যবহার করেছেন। বাঁধের নির্মাণ সম্পন্ন হলে আশপাশের পাঁচটি গ্রামের প্রায় এক হাজার একর জমি নদীভাঙন থেকে রক্ষা পাবে। শুক্রবার সরেজমিনে দেখা গেছে, সেখানে পাঁচ শতাধিক নারী-পুরুষ বাঁধ নির্মাণের কাজ করছেন। কেউ বাঁশ কাটছেন, কেউ পলি ব্যাগে বালু ভরছেন, কেউবা নদীতে পাইলিংয়ের কাজ করছেন। ইটাপোতা গ্রামের যুবক আবু মোকতাদির বলেন, ‘নদীভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি ও দপ্তরে ধরনা দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধরলা নদীতে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছি।’ মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘ইতিমধ্যে ৬০০ ফুট দীর্ঘ এ বাঁধের ৮০ ভাগ নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।’