স্বেচ্ছাশ্রমে নদীর পলি অপসারণ ও দখলমুক্ত
সাতক্ষীরা সদর উপজেলায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেতনা নদীর পলি অপসারণ ও নদীর জমি দখলমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে কয়েক শ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পলি অপসারণ ও দখলমুক্ত করার কাজে অংশ নেয়।স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে পলি জমে বেতনা নদী ভরাট হয়ে গেছে। স্থানীয় মানুষ দখল করে নিয়েছে নদীর দুই ধার। এলাকায় নদীর চেয়ে নদীর পাশের জমি নিচু হয়ে গেছে। ফলে টানা বর্ষণ ও উজানের পানিনিষ্কাশন হতে না পেরে বেতনার দুই পাশের শতাধিক গ্রাম পানিতে তলিয়ে যায়। বর্তমানে এসব এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী। সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়ায় এ অবস্থায় পানিনিষ্কাশনের জন্য স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পলি অপসারণ ও দখলকৃত জমি উদ্ধারের উদ্যোগ নেয়। ঝাউডাঙ্গা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, গতকাল প্রায় পাঁচ শতাধিক স্থানীয় গ্রামবাসী সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেতনা নদীর পলি অপসারণ করে। এতে কয়েকটি গ্রাম থেকে পানি নামতে শুরু করেছে।