স্বেচ্ছাশ্রমে নির্মাণ শুরু ধসে পড়া সেই সেতুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী-বাসাইল খালে ধসে পড়া সেতুটি স্বেচ্ছাশ্রমে পুনর্নির্মাণ শুরু করেছেন স্থানীয় যুবকেরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী-বাসাইল খালে ধসে পড়া সেতুটি স্বেচ্ছাশ্রমে পুনর্নির্মাণ শুরু করেছেন স্থানীয় যুবকেরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলার টরকী-রাজিহার সড়কে গৌরনদী-বাসাইল খালের ওপর ধসে পড়া লোহার সেতুটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পুনর্নির্মাণ করছেন স্থানীয় একদল যুবক।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, ১০-১২ যুবক সেতুটির পুনর্নির্মাণে সহযোগিতা দিচ্ছেন। এ সময় মো. ইলিয়াস হোসেন নামের এক যুবক প্রথম আলোকে বলেন, সেতুটি এক মাস আগে ধসে পড়ে। এ কারণে চার গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন। এই দুর্ভোগ লাঘবে কেউ এগিয়ে আসেননি। এ কারণে তাঁরা নিজেরাই সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেন। গতকাল থেকে তাঁরা কাজ শুরু করেছেন।
এনায়েত হোসেন বলেন, এলাকার ব্যবসায়ী মোক্তার হোসেন মিস্ত্রি খরচ ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল দিচ্ছেন। আর তাঁরা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। ক্ষুদ্র ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, চার গ্রামের মানুষের সমস্যা দূর করতে তিনি যুবকদের পাশে দাঁড়ান।

 সেতুর কাজে নিয়োজিত মিস্ত্রি সজীব বলেন, এ ধরনের সেতু পুনর্নির্মাণ করতে ১৫-২০ দিন সময় লাগে, কিন্তু এলাকার যুবকেরা সহযোগিতা করছেন। এ কারণে পাঁচ-সাত দিনের মধ্যে কাজ শেষ হতে পারে।

বার্থী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা বলেন, ‘যাঁরা সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

এলজিইডির গৌরনদী উপজেলা প্রকৌশলী ফজল আহম্মেদ বলেন, যুবসমাজ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ করেছে।

এলজিইডির অর্থায়নে খালের ওপর ১৯৯৮-৯৯ অর্থবছরে ৫৫ ফুট দীর্ঘ আরসিসি লোহার সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির ওপর দিয়ে ছোট ও মাঝারি আকারের যানবাহন চলাচল করত। এ ছাড়া চার গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। গত ২২ আগস্ট দুপুরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় সেতুটির মাঝের স্প্যানটি ধসে পড়ে। এতে গ্রামের বাসিন্দাদের প্রায় ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘সেতু ধসে পড়ায় ১০ কিমি ঘুরে যাতায়াত/চার গ্রামের মানুষের ভোগান্তি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।