স্বেচ্ছাশ্রমে পানি প্রবাহের বাধা অপসারণ
যশোরের জলাবদ্ধ ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনের অন্যতম পথ আমডাঙ্গা খালের পানি প্রবাহের বাধা অপসারণ করেছে পানিবন্দী মানুষেরা। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে গত রোববার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খালের প্রায় দুই কিলোমিটার অংশ থেকে সব বাধা অপসারণ করা হয়। এতে খালটি দিয়ে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
অভয়নগর উপজেলার বিল ঝিকরা থেকে ভৈরব নদ পর্যন্ত আমডাঙ্গা খাল প্রবহমান। খালটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। বিল ডুমুর, বিল ঝিকরাসহ কয়েকটি বিলের পানি এই খাল দিয়ে ভৈরব নদে গিয়ে পড়ে।
রোববার সকাল ১০টার দিকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃত্বে পানিবন্দী প্রায় ৫০০ মানুষ দা, কাঁচি, করাত, কোদাল, শাবল, কুড়াল ও দড়ি নিয়ে আমডাঙ্গা খালের পাড়ে সমবেত হন। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে তাঁরা খালে নেমে পড়েন। বিকেল চারটা পর্যন্ত তাঁরা খালের মধ্যে থাকা শতাধিক গাছ ও গাছের গুঁড়ি, পাথরের ব্লক, ইট ও আগাছা অপসারণ করেন। এ সময় তাঁরা খালের উঁচু জায়গা কেটে সমান করেন। খালের মধ্যে থাকা ছয় ফুট লম্বা একটি ইটের দেয়ালও অপসারণ করা হয়।
ফুলেরগাতী গ্রামের সুফল সরকার বলেন, ‘বিল ঝিকরা থেকে ভৈরব নদ পর্যন্ত খালটির সব বাধা দূর করেছি। আশা করছি, আমাদের এলাকার বাড়ি থেকে কয়েক দিনের মধ্যে জল নেমে যাবে।’
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালি বলেন, ‘বর্তমানে খালে পানির প্রবাহ বেশ ভালো। আমরা স্বেচ্ছাশ্রমে আমডাঙ্গা খালের সব বাধা অপসারণ করেছি। এতে পানির স্রোত প্রায় দ্বিগুণ বেড়েছে। কয়েক দিনের মধ্যে এলাকার অন্তত ২০টি গ্রামের বাড়িঘর থেকে জল সরে যাবে।’