স্বেচ্ছাশ্রমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বৃক্ষ রোপণ
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের তিস্তা নদীর চর বাইশপুকুর মৌজায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। গত বৃহস্পতিবার বিকেলে ওই বাঁধ পরিদর্শন ও বাঁধের দুই ধারে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিল্লুর রহমান।ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বন্যার হাত থেকে রক্ষার জন্য পূর্ব বাইশপুকুর ও পশ্চিম বাইশপুকুরের তিন কিলোমিটার বাঁধ ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি ও এলাকাবাসীর সহযোগিতায় (স্বেচ্ছাশ্রমে) এ বছর নির্মাণ করা হয়। এলাকার কয়েক ব্যক্তি জানান, এ বাঁধের কারণে খালিশা চাপানি ইউনিয়নের বাইশপুকুর ও সতীঘাট; ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা, ভেন্ডাবাড়ী; উত্তর সোনাখুলি ও পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার ভবনচুর, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, শৌলমারী, নেকবন্দসহ ১৫টি গ্রাম বন্যার পানি থেকে রক্ষা পাবে। এসব এলাকার ১৫ হাজার হেক্টর জমির ফসল বন্যার পানি থেকে বাঁচবে। তিস্তার পূর্ব বাইশপুকুরের প্রায় ১২ হাজার লোকের পশ্চিম বাইশপুকুর আসতে নৌকার অপেক্ষায় বসে থাকতে হবে না।এলাকাবাসী বাঁধটি রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেছে। তাদের দাবি, সরকার বাঁধটির দিকে নজর দেবে। এতে বাঁধটি তিস্তার করাল গ্রাস থেকে রক্ষাসহ রাস্তায় পরিণত হবে। খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে বৃক্ষ রোপণ ও আলোচনা সভায় ডিসি, ইউএনও ছাড়াও বক্তৃতা করেন ঝুনাগাছ চাপানি ইউপির চেয়ারম্যান একরামুল হক চৌধুরী, ইউপি সদস্য রমজান আলী প্রমুখ।