স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ, রক্ষা পেল গ্রাম
করতোয়া নদীর ভয়াবহ ভাঙন থেকে চকপাড়া গ্রাম রক্ষার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে বাঁধ নির্মাণের কাজ করেছেন ওই গ্রামের বাসিন্দারা। পকেটের টাকা দিয়ে বাঁশ ও গাছ কিনে গ্রামটি রক্ষায় তাঁরা ১৫ দিনে স্বেচ্ছাশ্রমে বাঁধটি নির্মাণ করেছেন।চকপাড়া গ্রামটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নে। ৯ জুন শনিবার বেলা ১১টায় চকপাড়া গ্রামের বিনোদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, তাঁর ইউনিয়নের পাশ দিয়ে খরস্রোতা করতোয়া নদী বয়ে গেছে। প্রতিবছর নদীর ভাঙনে তাঁর ইউনিয়নের কাঁচদহ, ভোটারপাড়া, রাঘবেন্দ্রপুর, চকপাড়া, কুটিপাড়া ও সোনার পাড়া গ্রামের তিন ফসলি কৃষিজমি, বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে চকপাড়া গ্রাম। তাই সর্বপ্রথম এ গ্রাম রক্ষায় আপাতত ৪০ গজ বাঁধ নির্মাণ করা হয়েছে। ভাঙনের জায়গায় গাছ পুঁতে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করা হয়েছে। পরে বেড়ার মধ্যে মাটি ফেলে বাঁধ নির্মাণ করা হয়েছে। সরকারি সাহায্য পাওয়া না গেলে পর্যায়ক্রমে অন্য গ্রামগুলো রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করা হবে।