স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন এলাকার বাসিন্দারা। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন এলাকার বাসিন্দারা। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামের বাসিন্দারা আন্ধারমানিক নদের পানির চাপ থেকে রক্ষা পেতে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু করেছেন। গতকাল শুক্রবার গ্রামবাসী নিজেদের উদ্যোগে এই বাঁধ নির্মাণ শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামের বাসিন্দারা মাটি কেটে বাঁধ নির্মাণ করছেন। স্বেচ্ছাশ্রমের এমন কাজে নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা, চাঁদপাড়া, টুঙ্গিবাড়িয়া, পাখিমারা, নাওভাঙ্গা, ঘুটাবাছা, নবীপুরসহ সাতটি গ্রামের যুবক-প্রবীণ মিলিয়ে অন্তত ৩০ জন অংশ নিয়েছেন।
গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিচকাটা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ৪৬ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভেতরে পানি নিষ্কাশনের জন্য ৪০ বছর আগে আট চুঙ্গার একটি জলকপাট নির্মাণ করে দেওয়া হয়েছিল। পুরোনো হওয়ায় জলকপাটটির চুঙ্গাগুলোতে মরিচা ধরে ভেঙে গেছে।
গত চার মাস আগে ওই জলকপাটের ওপরের বন্যানিয়ন্ত্রণ বাঁধের মাটিও দেবে গেছে। আন্ধারমানিক নদের জোয়ারের পানি নিচকাটা গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওই অংশ থেকে লোকালয়ে প্রবেশ করছে। বাঁধের এই অংশ দিয়ে এর আগে দুই দফা জোয়ারের পানি প্রবেশ করে শত শত একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়েছে। তা ছাড়া বাঁধটি দেবে যাওয়ায় এখন গ্রামের বাসিন্দাদের চলাচল করতেও অসুবিধা হচ্ছে।
নিচকাটা গ্রামের বাসিন্দা কেশব চন্দ্র হাওলাদার বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধের ওই অংশ জরুরি মেরামত করে দেওয়ার আবেদন করলেও পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।
গ্রামের আরেক বাসিন্দা, শিক্ষক রাধেশ্যাম হাওলাদার বলেন, ‘আমাদের এসব গ্রামের অধিকাংশ মানুষ কৃষক এবং কৃষির আয় দিয়েই সবার জীবিকা নির্বাহ হয়। আগামী অমাবস্যা-পূর্ণিমার জোয়ারের সময় বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে আমনখেত তলিয়ে যাওয়ার ভয়ে আমরা কারও দিকে না চেয়ে নিজেরাই বাঁধ নির্মাণের কাজে হাত দিয়েছি।’
নবীপুর গ্রামের কৃষক মো. নুরুল ইসলাম বাবুল বলেন, ‘জরুরি প্রয়োজনে বাঁধ মেরামত করে আপাতত নদীর জোয়ারের পানি ওঠা ঠেকিয়ে রাখা হয়েছে। তবে ওই পয়েন্টে জলকপাট নির্মাণ করে দিতে হবে। না হলে কৃষক এবং কৃষিব্যবস্থা ক্ষতির মুখে পড়বে।’
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক খান বলেন, নীলগঞ্জ ইউনিয়ন গোটা উপজেলার মধ্যে কৃষির পাশাপাশি সবজি চাষের মডেল ইউনিয়ন হিসেবে পরিচিত। এলাকার বাসিন্দাদের দুর্ভোগ দেখে তিনি পাউবোকে বিষয়টি অবহিত করেছেন। অথচ পাউবো এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। ফলে মানুষ বাধ্য হয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণ করছে।
কলাপাড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নিচকাটা গ্রামের ওই পয়েন্টে নতুন করে জলকপাট তৈরি করতে হবে। আমরা ইতিমধ্যে এর নকশা প্রণয়নের জন্য বলেছি। এরপর দরপত্র আহ্বান করে বাঁধসহ জলকপাট নির্মাণকাজ শুরু করা হবে।’