স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভার বাংলাবাজার এলাকার মরা তিস্তা নদীর ওপর স্থানীয় জনগণের উদ্যাগে নির্মিত বাঁশের সাঁকো। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভার বাংলাবাজার এলাকার মরা তিস্তা নদীর ওপর স্থানীয় জনগণের উদ্যাগে নির্মিত বাঁশের সাঁকো। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বাংলাবাজার এলাকায় মরা তিস্তা নদীর ওপর স্থানীয় লোকজন নিজ উদ্যোগে প্রায় ১৩ বছর আগে একটি বাঁশের সাঁকো তৈরি করেন; যা দুই বছর পরপর নতুন করে নির্মাণ করতে হয়।

এবারও স্থানীয় লোকজন সাঁকোটি নিজ উদ্যোগে তৈরি করেছেন। পাঁচ গ্রামের আনুমানিক ১৫ হাজার লোক এই সাঁকোর ওপর দিয়ে চলাচল করেন। এদিকে এই বাঁশের সাঁকো নির্মাণ না হলে ওই পাঁচ গ্রামের মানুষকে প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে হারাগাছ সদরঘাট সেতু দিয়ে চলাচল করতে হতো। অথচ এই পাঁচ মিনিটের পথে সাঁকো পার হলেই মূল বাজার-বন্দর-পৌর এলাকা।

হারাগাছ পৌরসভা সূত্র জানায়, পৌরসভা এলাকার চতুরা, গুচ্ছগ্রাম, বাঁশদহ, টাংরীর বাজার,হক বাজার গ্রামে প্রায় তিন হাজার পরিবারের লোকসংখ্যা আনুমানিক ১৫ হাজার। এসব মানুষকে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংকে লেনদেন, বাজারঘাটসহ প্রতিটি কাজের জন্য হারাগাছ বাজারে ছুটে যেতে হয়। তাঁদের চলাচলের সুবিধার্থে মরা তিস্তা নদীতে বাঁশের সাঁকোয় পার হতে হয়। এই সাঁকোর দৈর্ঘ্য প্রায় ৬০০ ফুট ও প্রস্থ ৪ ফুট।

গতকাল রোববার সকালে সরেজমিনে এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশের সাঁকোটি স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে ২০০৪ সালে প্রথম তৈরি করেন। এরপর প্রতিবছরই এর রক্ষণাবেক্ষণ করা হয়। তবে দুই বছর পর বাঁশের খুঁটি ও চাটাই পরিবর্তন করা হয়। এর সবই চলে স্থানীয় জনগণের আর্থিক সহায়তায়। গত জুন মাসে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে এটি নতুন করে নির্মাণ করা হয়। এ সময় বাইসাইকেল নিয়ে হেঁটে সাঁকোটি হতে দেখা যায় স্থানীয় লোকজনকে।

এই সাঁকো দিয়ে চলাচলে এলাকার লোকজন নানা দুর্ভোগের কথা তুলে ধরেন। চতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয়ভাবে এই সেতুটি নির্মাণ করা হলেও এভাবে আর কত দিন চলবে? গুচ্ছগ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, হারাগাছ থেকে পণ্য সাইকেলে করে নিয়ে আসতে হয়। আর দীর্ঘ সাঁকো দিয়ে চলাচলে পণ্য নিয়ে যেতে যেকোনো সময় পড়ে যাওয়ার ভয় থাকে।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবার রহমান বলেন, ‘এখানে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করতে আমিও সহযোগিতা করেছি। মানুষের দ্বারে দ্বারে গিয়েছি।’

হারাগাছ পৌরসভার মেয়র হাকিবুর রহমান বলেন, জনগণের নিজেদের উদ্যোগেই এই সাঁকোটি নির্মিত হয়েছে। পৌরসভার পক্ষ থেকে কোনো অর্থায়ন করা সম্ভব হয়নি। কেননা, এ খাতে কোনো বরাদ্দ নেই। ভবিষ্যতে এখানে স্থায়ী একটি সেতু যাতে হয়, সে জন্য পরিকল্পনা রয়েছে।